সাইবার নিরাপত্তা বিষয়ে 'বাইসেক' সম্মেলন শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক খাতে সাইবার নিরাপত্তা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও ঝুঁকি ব্যবস্থাপনার উপায় উদ্ভাবনে আগামী শনিবার রাজধানীর র্যা ডিসন হোটেলে এক আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
‘বাংলাদেশ ইনফরমেশন সিকিউরিটি এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স’ (বিআইএসইসি বা বাইসেক) শীর্ষক দিনব্যাপী এ সম্মেলন যৌথভাবে আয়োজন করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এবং সফটওয়্যার খাতের জাতীয় সংগঠন বেসিস। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান।
সম্মেলনে আর্থিক খাতের সাইবার ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও ঝুঁকি ব্যবস্থাপনায় করণীয় নিয়ে সেমিনার আয়োজন করা হবে। সম্মেলনে দেশীয় ও বহুজাতিক ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের ৩০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থনীতি বিশ্লেষক, প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা যোগ দেবেন। স্বাগতিক বাংলাদেশসহ ১৫টি দেশের প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিশেষজ্ঞ, বিশ্লেষক ও প্রদর্শকেরা উপস্থিত থাকবেন সেমিনারে।
সেমিনারে তথ্যপ্রযুক্তির নিরাপত্তা বিষয়ে জ্ঞান বিনিময় এবং ব্যাংকিং নিরাপত্তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আয়োজকেরা আশা করছেন, তথ্যপ্রযুক্তির নিরাপত্তা বিষয়ে এটি হবে বাংলাদেশে এ বছরের সবচেয়ে বড় অনুষ্ঠান।
আয়োজকদের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেশ কয়েকজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বহুজাতিক আইটি ফার্ম আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ের সাইবার নিরাপত্তা প্রধান ফাহাদ কবির, সাইবার ম্যানেজমেন্ট অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা অমর সিং ও সহপ্রতিষ্ঠাতা বল রায়, যুক্তরাজ্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক পরামর্শক
রিচার্ড বেনহ্যাম, সনদপ্রাপ্ত হিসাববিদ (সিএ) ফার্ম কেপিএমজির সাবেক নিরাপত্তা বিশেষজ্ঞ মারকাস বারকেট প্রমুখ।
সেমিনার সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.bisec.co  ওয়েবসাইটে।