
সাইবার নিরাপত্তার ত্রুটি খতিয়ে দেখতে সব ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। সারা বিশ্বে ব্যাংকটি ফেড নামে পরিচিত। গতকাল বুধবার ফেড এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে ফেড সাইবার নিরাপত্তা-সংক্রান্ত বর্তমান অবস্থা ভালোভাবে পর্যালোচনা করার জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। খবর রয়টার্সের।
গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী সংস্থা সুইফটের মাধ্যমে বার্তা পাঠিয়ে নিউইয়র্ক ফেডে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার স্থানান্তর করা হয় ফিলিপাইনে। আর ২ কোটি ডলার স্থানান্তর হয় শ্রীলঙ্কায়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শ্রীলঙ্কায় যাওয়া রিজার্ভের ২ কোটি ডলার ফেরত পাওয়া গেছে। আর ফিলিপাইনে যাওয়া অর্থের সিংহভাগই এখনো উদ্ধার হয়নি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ওই ঘটনার পর ফেড নিউইয়র্ক ও সুইফটের দায়দায়িত্ব এবং আর্থিক খাতের সাইবার নিরাপত্তার বিষয়টি বিশ্বজুড়ে আবারও আলোচনায় চলে আসে। এ অবস্থায় ফেড গতকাল এক বিজ্ঞপ্তিতে সাইবার নিরাপত্তার ত্রুটিগুলো ভালোভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।