আন্তর্জাতিকভাবে সুইফট নেটওয়ার্ক সংযুক্ত কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট সংযোগ নেই। তবে বাংলাদেশের বেশির ভাগ ব্যাংকের সুইফট নেটওয়ার্ক সংযুক্ত কম্পিউটারের ইন্টারনেট সংযোগ আছে। এতে এখনো ঝুঁকিতে রয়ে গেছে দেশের ব্যাংক খাত। আন্তর্জাতিকভাবে ব্যাংক লেনদেনের আর্থিক বার্তা প্রদান করা হয় দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) মাধ্যমে।
সুইফটের নিরাপত্তা ব্যবস্থা-সংক্রান্ত প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি), বাংলাদেশের এক সেমিনারে এসব মন্তব্য উঠে এসে। এতে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করেন পিডব্লিউসি, ভারতের ঝুঁকি নিশ্চয়তা সেবার উপদেষ্টা দিলীপ ঘোষ ও সহযোগী পরিচালক শ্রীকৃষ্ণ দীক্ষিত।
আলোচনায় দিলীপ ঘোষ বলেন, কীভাবে অর্থ স্থানান্তর হয় তা সম্পর্কে বিস্তারিত প্রকাশ হওয়ার কারণে সাইবার আক্রমণ হচ্ছে। এ ছাড়া সাইবার ব্যবস্থায় দুর্বলতা ও অপরাধীদের সঙ্গে ভেতরের কারও যোগাযোগ থাকায় এসব হামলা হচ্ছে। এসব মোকাবিলা করতে হলে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোকে একীভূত করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের সাইবার হামলার উদাহরণ দিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ কারও যোগসূত্র ছাড়া এসব হামলা সম্ভব নয়।
শ্রীকৃষ্ণ দীক্ষিত বলেন, সাইবার হামলার পর সুইফটের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এর সবই পুরোনো উদ্যোগ, শুধু নতুন মোড়কে জানানো হচ্ছে।
পিডব্লিউসি বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশিদ বলেন, সাইবার হামলা রোধে আগেই সক্রিয় ব্যবস্থা না নিয়ে হামলার পর বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সারা বিশ্বেই অফিস কম্পিউটারগুলোতে নিজস্ব মেইল ব্যবহার নিষেধ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সুইফট সংযুক্ত কম্পিউটারে মেইল খোলা হয়েছিল।
সেমিনারে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা বলেন, অফিসের সুইফট সংযুক্ত কম্পিউটারে ইন্টারনেট সংযোগ ছাড়া কাজ হয় না। এসব কম্পিউটারে পেনড্রাইভও ব্যবহার হয়। এ প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। না হলে আবারও বড় দুর্ঘটনা ঘটবে।