সাইবার হামলায় ক্ষতি সাড়ে ৬ লাখ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার হামলার কারণে ঘটা আর্থিক ক্ষতিতে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে এগিয়ে আছে এশিয়া-প্যাসিফিক। এ অঞ্চলে শুধু ২০১৫ সালেই সাইবার হামলার কারণে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ১৩০ কোটি ডলার বা ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা। সাইবার হামলা নিয়ে বহুজাতিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর (এফটি) এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এই সাইবার হামলার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি। এ ঘটনা সাইবার হামলাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। সাইবার হামলার এ বিষয়টি ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন তুলে ধরে বলা হয়েছে, রিজার্ভ চুরি যাওয়ার অনেক আগেই হ্যাকাররা ব্যাংকটির লেনদেন প্রক্রিয়ায় ম্যালওয়্যার স্থাপন করেছিল। ম্যালওয়্যার স্থাপনের বিষয়টি বাংলাদেশ ব্যাংক জানতে পারে রিজার্ভ চুরি যাওয়ার পর।
এফটির এই প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সাইবার হামলায় আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতেই অনেক দেরি করে। হ্যাকাররা তথ্য চুরির জন্য এ অঞ্চলের প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো ম্যালওয়্যার স্থাপন করে, সেটি বুঝতে গড়ে সময় লাগে ৫২০ দিন। এ সময় বৈশ্বিক গড়ের তুলনায় ৩ গুণ বেশি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরির বিষয়টি বুঝতেও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অনেক সময় লেগেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার হামলার কারণে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে হ্যাকারদের আক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে এ অঞ্চলে। লগরিদম নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান ব্যবহার করে এফটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে এশিয়া-প্যাসিফিকের ৯০ শতাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে সাইবার হামলার শিকার হয়েছে। ২০১৫ সালে হামলার শিকার হওয়া এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৭৬ শতাংশ, আর ২০১৪ সালে তা ছিল ৬৬ শতাংশ।
গ্র্যান্ট থর্নটন নামের আরেকটি গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান ব্যবহার করে প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার হামলার কারণে ২০১৫ সালে সারা বিশ্বে আর্থিক ক্ষতি হয়েছে ৩১ হাজার ৫০০ কোটি ডলার, আর এশিয়া-প্যাসিফিকে তা ছিল ৮১ বিলিয়ন ডলার। অর্থাৎ মোট আর্থিক ক্ষতির ২৫ শতাংশই ঘটেছে এ অঞ্চলের দেশগুলোতে। আর্থিক ক্ষতির এ পরিমাণ এককভাবে উত্তর আমেরিকা বা ইউরোপের তুলনায় ২ হাজার কোটি ডলার বেশি।
এশিয়া-প্যাসিফিকে সাইবার হামলায় আর্থিক ক্ষতি বৃদ্ধির জন্য দুটি বিষয়কে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। বিষয় দুটি হলো, সচেতনতার অভাব ও তথ্যপ্রযুক্তি খাতে যথেষ্ট বিনিয়োগ না করা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ দুটি কারণে হামলা মোকাবিলায় এ অঞ্চলের প্রতিরোধ ব্যবস্থা খুবই দুর্বল। আগে থেকেই সাইবার হামলা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ায় উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলো এ ক্ষেত্রে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে।
জাপানের মতো এশিয়ার উন্নত দেশও সাইবার হামলা প্রতিরোধে উন্নত বিশ্বের দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে বলে এফটির প্রতিবেদনে উঠে এসেছে। জাপানের সফটওয়্যার বিশ্লেষক চিকাই তানাকা এ বিষয়ে বলেন, সাইবার হামলা প্রতিরোধে জাপানের প্রযুক্তি খুব উন্নত নয়। যুক্তরাষ্ট্রের মতো দেশের তুলনায় প্রযুক্তি, সচেতনতা তৈরি, আর্থিক লেনদেনের নিয়ন্ত্রণ-ব্যবস্থাতেও জাপান অনেক পিছিয়ে আছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এশিয়ার আর্থিক সেবা খাতের প্রতিষ্ঠানগুলোতে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার চেয়ে অন্যান্য বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এর ফলে আক্রান্ত হলে করণীয় সম্পর্কে বেশির ভাগ প্রতিষ্ঠানেরই স্বচ্ছ কোনো ধারণা থাকে না।
প্রাতিষ্ঠানিক দুর্বলতার পাশাপাশি চীনের সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের রাজনৈতিক বিরোধের কারণেও সাইবার হামলার ঘটনা বাড়ছে বলে এফটির প্রতিবেদনে উঠে এসেছে। এফ-সিকিওর নামের একটি ফিনিশ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে চীনবিরোধী মনোভাব আছে এমন কয়েকটি দেশের তথ্য চুরিতে ‘নান সুই হাই’ নামের একটি ট্রোজান ম্যালওয়্যার চীন সরকার তৈরি করেছে।