সাউথইস্ট ব্যাংক নিয়ে এসেছে মাস্টারকার্ড
সাউথইস্ট ব্যাংক লিমিটেড গ্রাহকদের জন্য মাস্টারকার্ডের সব ধরনের ক্রেডিট কার্ড (ওয়ার্ল্ড, প্লাটিনাম, টাইটানিয়াম, গোল্ড) ও প্রি-পেইড কার্ড নিয়ে এসেছে।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে সব কার্ডের মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহিদ হোসেইন এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস প্রেসিডেন্ট গীতাংক দত্তসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশে মাস্টারকার্ডের ৯ শতাধিক পার্টনার আউটলেট বা অংশীদার রয়েছে, যারা গ্রাহকদের বিশেষ মূল্যছাড়সহ নানা সুবিধা দিয়ে থাকে। সে অনুযায়ী সাউথইস্ট ব্যাংকের মাস্টারকার্ড গ্রাহকদের জন্য একটি কিনলে আরেকটি ফ্রিসহ কক্সবাজার ও সিলেটে মাস্টারকার্ডের সঙ্গে সম্পৃক্ত হোটেল ও রিসোর্টগুলোতে বিনা মূল্যে থাকার সুবিধা রয়েছে।
সহিদ হোসেন বলেন, ‘মাস্টারকার্ডের বিভিন্ন সুবিধাসংবলিত কার্ড প্রচলনের মাধ্যমে আমরা গ্রাহকদের বিশ্বব্যাপী বিভিন্ন সেবা প্রদানে সক্ষম হব বলে আশা করছি।’
সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘মাস্টারকার্ডের ক্রেডিট ও প্রিপেইড কার্ডে নানা ধরনের সুবিধা পাওয়া যাবে। আমরা আশা করি, গ্রাহকেরা এসব সুবিধা পেয়ে খুশি হবেন।’
আলমগীর কবির বলেন, সাউথইস্ট ব্যাংক ও মাস্টারকার্ড যৌথভাবে গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে পারবে।
অনুষ্ঠানে বলা হয়, সাউথইস্ট ব্যাংকের মাস্টারকার্ড দিয়ে বছরে ২৫টির বেশি লেনদেন করলে থাকছে বার্ষিক ফি ছাড়, কার্ড চেক ও ফ্রি সাপ্লিমেন্টারি কার্ড। বিজ্ঞপ্তি।