সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে ঢাকা ওয়াসার বিল দেওয়া যাবে
ঢাকা ওয়াসার গ্রাহকদের জন্য সাউথইস্ট ব্যাংক লিমিটেড গতকাল মঙ্গলবার থেকে রিয়েল টাইম অনলাইনে বিল পরিশোধের সুবিধা চালু করেছে।সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান যৌথভাবে ব্যাংকের ঢাকার কারওয়ান বাজার শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন।এ ব্যাপারে সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও ঢাকা ওয়াসার মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ঢাকা ওয়াসার গ্রাহকেরা তাঁদের মাসিক বিল সাউথইস্ট ব্যাংকের যেকোনো শাখায় পরিশোধ করতে পারবেন, যা একটি রিয়েল টাইম অনলাইন ব্যবস্থার মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের সার্ভারে হালনাগাদ হবে। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম মাঈনুদ্দীন চৌধুরী ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা কামাল এবং ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মো. মাহবুবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) সৈয়দ গোলাম আহম্মদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।