সাগরে ভাসছে সিটির লবণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>অনুমোদন ছাড়া ১২ হাজার টন অপরিশোধিত লবণ আমদানি করেছিল সিটি গ্রুপ, ছাড় করেনি চট্টগ্রাম কাস্টমস হাউস

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ১২ হাজার টন অপরিশোধিত লবণ আমদানি করে বিপাকে পড়েছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। অনুমোদন না থাকায় চট্টগ্রাম কাস্টমস হাউস এ লবণ খালাস করতে দেয়নি। ফলে প্রায় দুই মাস ধরে প্রতিষ্ঠানটির ভাড়া করা জাহাজ ফ্লিট ফনিক্স চট্টগ্রাম বন্দরে অপেক্ষারত।

মাছ ও মুরগির খাদ্য উৎপাদনকারী মিল এবং চিনির মিলে ব্যবহারের জন্য সিটি এ লবণ আমদানি করেছে। সরকার ছাড় করতে না দেওয়ায় তারা এ নিয়ে হাইকোর্টে একটি মামলা করেছে বলে জানা গেছে।
দেশীয় চাষিদের সুরক্ষা দিতে সরকার লবণ আমদানি নিষিদ্ধ করে রেখেছে। তবে দেশে পর্যাপ্ত উৎপাদন না হলে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমোদন নিয়ে আমদানি করা যায়। এ ছাড়া রাসায়নিক কারখানা থাকলে সংশ্লিষ্ট কোম্পানি লবণ আমদানি করতে পারে। গত মৌসুমে উৎপাদন কম হওয়ায় এবার দেশে অপরিশোধিত লবণের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। স্বাভাবিক সময়ে কেজিপ্রতি ৫ টাকার কাছাকাছি দরে বিক্রি হওয়া অপরিশোধিত লবণ এ বছর ১৬ টাকার ওপরে উঠেছিল।
দেশের বাজার স্থিতিশীল রাখতে দুই দফায় আড়াই লাখ টন লবণ আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে সব মিলিয়ে একটি মিল সর্বোচ্চ প্রায় দুই হাজার টন লবণ আমদানির অনুমতি পায়। যাদের লবণ মিল আছে, তারাই কেবল এ সুযোগ পেয়েছিল। তবে সিটি গ্রুপ অনুমোদন পাওয়া মিলের তালিকায় ছিল না। জানা গেছে, লবণের দাম বেড়ে যাওয়ায় মাছ ও মুরগির খাবার এবং চিনির উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে সিটি গ্রুপ লবণ আমদানির উদ্যোগ নেয়।
দুটি ঋণপত্র খুলে তারা ১২ হাজার টন লবণ চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে। এরপর তারা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চাইলেও মন্ত্রণালয় তা দেয়নি। চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা যায়, সিটি গ্রুপ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সিটি সুগার ইন্ডাস্ট্রিজের নামে সাত হাজার টন এবং সিটি ফিড প্রডাক্টসের নামে পূবালী ব্যাংকে পাঁচ হাজার টন লবণ আমদানির জন্য ঋণপত্র খোলে। গত ২৫ অক্টোবর এ লবণ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
ফ্লিট ফনিক্স নামে যে জাহাজটিতে এ লবণ এসেছে, তাতে মোট ৪৬ হাজার ৮৭০ টন লবণ আমদানি হয়েছিল। যেসব লবণ মিল আগাম অনুমোদন নিয়ে আমদানি করেছিল, তারা লবণ খালাস করে নিয়ে গেছে। রয়ে গেছে সিটির লবণ।
এ বিষয়ে জানতে চাইলে সিটি গ্রুপ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। তবে অন্য আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লবণ আমদানিতে তাদের প্রতি টন অপরিশোধিত লবণের মূল্য, ভাড়াসহ প্রায় ২১ ডলার খরচ পড়েছে। এ হিসেবে ১২ হাজার টন লবণের দাম দাঁড়ায় প্রায় ২ কোটি টাকা। অবশ্য দেশে এখন এ পরিমাণ অপরিশোধিত লবণের বাজারমূল্য আছে প্রায় ২০ কোটি টাকা।
বর্তমানে দেশের ভোজ্যতেল, চিনি ও আটার বাজারের বড় অংশ সিটি গ্রুপের দখলে। তাদের মুরগি ও মাছের খাবার উৎপাদনের কারখানাও আছে। এসব পণ্য উৎপাদনে সহযোগী শিল্প হিসেবে তারা প্লাস্টিক ব্যাগ, বোতল, টিনের ক্যানসহ বিভিন্ন পণ্যের কারখানা গড়ে তুলেছে। সম্প্রতি তারা চালের বাজারেও প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়কে সিটি জানিয়েছে, চিনি পরিশোধন ও মাছ-মুরগির খাবারে লবণের প্রয়োজন হয়।
জানতে চাইলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় কোনো মন্তব্য করেননি।