সাজসজ্জা নিয়ে ঢাকায় তিন দিনের প্রদর্শনী শুরু
ঘর ও অফিসের সাজসজ্জা নিয়ে ‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’ এবং ‘বাংলাদেশ লাইটিং এক্সপো-২০১৬’ নামে দুটি প্রদর্শনী একসঙ্গে শুরু হয়েছে ঢাকায়। এতে ৩৬টি প্রতিষ্ঠান ও ব্র্যান্ড ৬৫টি স্টলে তাদের পণ্যসামগ্রী প্রদর্শন করছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ। প্রদর্শনীর যৌথ আয়োজক পারটেক্স স্টার গ্রুপ ও সাইফ পাওয়ারটেক লিমিটেড। ব্যবস্থাপনায় থাকছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস ও এফ টাচ ইভেন্টস।
আয়োজকেরা জানান, প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে শৌখিন ক্রেতারা ব্যতিক্রমী ও বৈচিত্র্যপূর্ণ পণ্য খুঁজে পাবেন। ঘরের সাজসজ্জার জন্য আধুনিক নকশার টাইলস, আসবাব, ডেকোরেটিভ গ্লাস ও দেয়ালের ডেকোরেশনের পাশাপাশি সর্বশেষ প্রযুক্তির বাতি, কার্পেট, সৌরবিদ্যুৎ ইত্যাদি থাকছে প্রদর্শনীতে।
অনুষ্ঠানে দেওয়ান সুলতান আহমেদ বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের মানুষের জীবনধারায় প্রতিনিয়ত পরিবর্তন আসছে। এ কারণে মৌলিক চাহিদা ছাড়াও বিলাসপণ্যের প্রতি আগ্রহ বাড়ছে। গৃহসজ্জার পণ্য উৎপাদকেরাও প্রতিনিয়ত নিত্যনতুন সামগ্রী তৈরি করছে।
আরও বক্তব্য দেন পারটেক্স স্টার গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুজ্জামান ও সাইফ পাওয়ারটেকের পরিচালক সাখাওয়াত হোসেন খান।
কাল শনিবার পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী দুটি উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।