সাড়ে সাত লাখ টন মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) চলতি ২০১৪-১৫ রবি মৌসুমে দেশের ৪৪ হাজার হেক্টর জমিতে সাত লাখ ৩৩ হাজার টন মিষ্টি আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। এই কর্মসূচির আওতায় উত্তরাঞ্চলের কৃষকেরা ছয় হাজার ৩৩৩ হেক্টর জমিতে ১ দশমিক শূন্য ৫ লাখ টন মিষ্টি আলু উৎপাদন করবে। খবর বাসস’র।
ডিএই সূত্র জানিয়েছে, মিষ্টি আলু চাষ কর্মসূচি সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভাতের বিকল্প সুস্বাদু খাদ্য মিষ্টি আলু ভিটামিন এ, বি ও সি, খনিজ, প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, লৌহ ও ক্যারোটিনের মতো নানা পুষ্টিতে সমৃদ্ধ।
ডিএইর উদ্যানবিদ্যা বিশেষজ্ঞ খোন্দকার মো. মেসবাহুল ইসলাম বলেন, মূল ভূখণ্ডের চাষিদের পাশাপাশি চরাঞ্চলের মানুষও বিশেষভাবে বালুচরে ব্যাপকভাবে মিষ্টি আলুর চাষ শুরু করেছে।