রাষ্ট্র খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাত উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) বদলি ও পদায়ন করা হয়েছে। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি আদেশ জারি করে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ডিএমডি মো. ওয়াহিদুজ্জামান খন্দকারকে বদলি করা হয়েছে আইসিবির ডিএমডি হিসেবে। জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) থেকে পদোন্নতি পেয়ে মাত্র কয়েক দিন আগে আইসিবির ডিএমডি পদে যোগ দিয়েছিলেন আফজালুল বাসার। এখন তাঁকে বদলি করা হয় বিডিবিএলে। এ ছাড়া কৃষি ব্যাংকের দুই ডিএমডি গোলাম ফারুক ও আবদুছ ছালাম আজাদকে জনতা ব্যাংকের ডিএমডি করা হয়।
জিএম থেকে সদ্য পদোন্নতি পেয়ে ডিএমডি হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে মোস্তফা জালাল উদ্দিন আহমেদ ও আবুল হোসেনকে কৃষি ব্যাংকের ডিএমডি করা হয়েছে। আর মো. মুঈন উদ্দিন ডিএমডি হয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের।