দুই কার্যদিবসে দাম বেড়েছে সাড়ে ১৬ থেকে ২০ শতাংশ
সাত জীবনবিমা কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধি
চলতি সপ্তাহের দুই কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত জীবনবিমা খাতের সাত কোম্পানির অস্বাভাবিক দর বেড়েছে। মাত্র দুই কার্যদিবসে এসব কোম্পানির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে সর্বনিম্ন সাড়ে ১৬ থেকে ২০ শতাংশ পর্যন্ত। ডিএসইর গত দুই দিনের দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
জীবনবিমা খাতের যেসব কোম্পানি গত দুই দিনে দর বৃদ্ধির শীর্ষে ছিল, সেগুলো হলো প্রগতি লাইফ, সানলাইফ, সন্ধানী লাইফ, মেঘনা লাইফ, রূপালী লাইফ, প্রাইম লাইফ ও প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স। এর মধ্যে মেঘনা, রূপালী, সন্ধানী ও সানলাইফ ইনস্যুরেন্স দুই দিনই দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল। এই চার কোম্পানির প্রতিটি শেয়ারের দাম দুই দিনে ১০ শতাংশ করে প্রায় ২০ শতাংশ বেড়েছে। উল্লিখিত এসব কোম্পানি ছাড়াও এই খাতের অন্যান্য কোম্পানির শেয়ারের দামও গত দুই দিনে বেশ বেড়েছে।
দর বৃদ্ধির এই ধারাকে অস্বাভাবিক বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, গত দুই দিনে বিমা খাতে এমন কোনো ঘটনা ঘটেনি, যার জন্য এক দিনে একেকটি কোম্পানির শেয়ারের দাম ১০ শতাংশ করে বাড়তে পারে। তাই এই দর বৃদ্ধির পেছনে যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তাঁরা। তাঁরা বরং এটিকে হুজুগের প্রভাব বলে মত দিয়েছেন।
ডিএসইর তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, গতকাল সোমবার দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকার প্রথম অবস্থানে ছিল প্রগতি লাইফ ইনস্যুরেন্স। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। গত রোববার বেড়েছিল প্রায় ৯ শতাংশ। এ ছাড়া গতকাল শীর্ষ ১০-এর তালিকায় থাকা কোম্পানি প্রাইম লাইফ ও প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের দাম যথাক্রমে পৌনে ১০ ও সাড়ে ৯ শতাংশ বেড়েছে। রোববার এই দুটি কোম্পানির প্রতিটি শেয়ারের দাম বেড়েছিল যথাক্রমে ৮ ও ৭ শতাংশ।
জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, দর বৃদ্ধির এই ধারা অস্বাভাবিক। তবে এসব কোম্পানির বাজারমূল্য এখনো অতিমূল্যায়িত পর্যায়ে পৌঁছায়নি।
রিজভী আরও বলেন, গত দুই দিনে এসব কোম্পানির গুণগত বা এ খাতে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটেনি, যার কারণে এমন দর বৃদ্ধি ঘটতে পারে। যৌক্তিক কারণ ছাড়া কোনো কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধি ঘটলে তা স্থায়ী হয় না।
এদিকে গতকাল ঢাকার বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। এর ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ১৩৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৪৯টিরই দাম কমেছে, বেড়েছে ১০৪টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬০২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২১৮ কোটি টাকা কম।