সাত তরুণ ক্ষুদ্র উদ্যোক্তার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বাণী হোটেলে ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়োজিত পাদুকা ও চামড়াজাত পণ্যমেলায় ক্রেতারা
পূর্বাণী হোটেলে ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়োজিত পাদুকা ও চামড়াজাত পণ্যমেলায় ক্রেতারা

সাতজন তরুণ। কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে নিজেদের নামের সঙ্গে যুক্ত করেছেন ক্ষুদ্র উদ্যোক্তার পালক। নিজেদের ছোট্ট কারখানায় তৈরি করছেন বিভিন্ন চামড়াজাত পণ্য। বিশ্বমানের এসব পণ্যসামগ্রী ঠাঁই পাচ্ছে নিজস্ব দোকানের পাশাপাশি দেশের বড় ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্রগুলোয়। আবার কখনো তা যাচ্ছে বিদেশে।
এই তরুণেরা এবার নিজেদের পণ্যসামগ্রী নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছেন। মেলাটি বসেছে রাজধানীর দিলকুশায় হোটেল পূর্বাণীর জলসাঘরে। সাত তরুণের সাত স্টলে মিলবে চামড়ার জুতা থেকে শুরু করে জ্যাকেট, বেল্ট, কাঁধে ঝোলানো ব্যাগ, মানিব্যাগ, চাবির রিং, ফোল্ডার, কার্ড হোল্ডার, টিস্যু বক্সসহ অনেক কিছু।
তরুণ এই সাত উদ্যোক্তা মিলে একটি সংগঠনও করেছেন। নাম হাজারীবাগ গ্রুপ। জনতা ব্যাংকের অর্থায়নে এবং বাণিজ্য মন্ত্রণালয় ও আইটিসি জেনেভার যৌথ উদ্যোগে বিএলএসসি প্রকল্পের সহযোগিতায় গ্রুপের পক্ষ থেকে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী মেলাটি গতকাল সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
হাজারীবাগ গ্রুপের সবচেয়ে কনিষ্ঠ সদস্য ডিউস লেদারের মো. নাজমুস সাদাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে স্নাতক শেষ করার আগেই তিনি নেমে পড়েন উদ্যোক্তা হওয়ার দৌড়ে। তিন বছর আগে ছয় লাখ টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। শুরু থেকেই বৈচিত্র্যময় পণ্য তৈরি করে দেশের বড় বড় ব্র্যান্ডকে সরবরাহ করতে থাকেন।
নাজমুস সাদাত জানালেন, হাজারীবাগ গ্রুপের সাতজনই ইনস্টিটিউট অব লেদার থেকে পাস করা। ইতিমধ্যে গ্রুপের পক্ষ থেকে হাজারীবাগ ও বনানীতে ‘লেদার কেইভ’ নামে দুটি বিক্রয়কেন্দ্র খুলেছেন তাঁরা। এখানে গ্রুপের সাত সদস্য প্রতিষ্ঠানের তৈরি করা পণ্য পাওয়া যায়।
আরেক উদ্যোক্তা থ্রি টেকের মো. তাছনিম আলম। গ্রুপের সভাপতি। তিনি জানালেন, ২০০৭ সালে সাড়ে ১৫ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন। বর্তমানে হাজারীবাগ এলাকায় তাঁর নিজস্ব দুটি বিক্রয়কেন্দ্র আছে। দেশের বাজারের পণ্য বিক্রি ছাড়াও বছরে ১৫ থেকে ২০ হাজার ডলারের রপ্তানি করেন। তাঁর প্রতিষ্ঠানে কাজ করেন ১৩ জন শ্রমিক।
তাছনিম আলম বলেন, ‘আমাদের গ্রুপের সব সদস্যই রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করেন। বড় ধরনের রপ্তানিতে যেতে হলে তিন থেকে চার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন। সেটি আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব। তবে একটি কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) করার উদ্যোগ এগিয়ে চলছে।’ এটি হলে পণ্য তৈরির সুবিধাগুলো একসঙ্গে পাওয়া যাবে বলে জানান তিনি।
থ্রি টেক ও ডিউস ছাড়া অন্য পাঁচ প্রতিষ্ঠান হচ্ছে স্যাসি, অ্যাকসিস, ব্যাগ, কারিগর ও এস এ অথেনটিক লেদার ক্র্যাফটস।
আয়োজকেরা জানালেন, সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য মেলার দরজা উন্মুক্ত। ‘পাদুকা ও চামড়াজাত পণ্যমেলা-২০১৩’ শীর্ষক এই আয়োজনের পর্দা নামবে কাল বুধবার। মেলায় ১০ থেকে ৩০ শতাংশ মূল্যছাড় রয়েছে।