সাত দিন ধরে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) সাত দিন ধরে যান্ত্রিক ত্রুটির জন্য সার উৎপাদন বন্ধ রয়েছে। যমুনা সার কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টানা তিন মাস কারখানায় সার উৎপাদনের পর চীনের বিশেষজ্ঞ দলের পরামর্শে যান্ত্রিক ত্রুটি সারানোর জন্য ১৪ মে থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। এদিকে চলতি ২০১১-১২ অর্থবছরে যমুনা সার কারখানাকে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) দুই লাখ ৩৫ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল। তবে বছর শেষ হওয়ার তিন মাস আগেই ২৫ মার্চ কারখানায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ১৪ মে পর্যন্ত কারখানায় সার উৎপাদিত হয়েছে দুই লাখ ৯৮ হাজার ছয় মেট্রিকটন। যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অচিন্ত্য কুমার দেব গত শনিবার প্রথম আলোকে বলেন, যান্ত্রিক ত্রুটি মেরামত করে ১০-১২ দিনের মধ্যে কারখানায় সার উৎপাদনে যাওয়া সম্ভব হবে।