সাত দিন পর পুঁজিবাজার চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা সাত কর্মদিবস দরপতনের পর আজ বুধবার দেশের শেয়ারবাজারে ছিল চাঙাভাব। দুই স্টক এক্সচেঞ্জে আজ দিনের লেনদেন শেষে প্রায় সব প্রতিষ্ঠানের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। তবে লেনদেন কিছুটা কমেছে দুই স্টক এক্সচেঞ্জেই।গত সাত দিনের টানা দরপতনে বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দৃষ্টিগোচর হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল এসইসির পক্ষ থেকে ব্রিফিং করা হয়, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার করেছে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ওই ব্রিফিংয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে কোনো গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া কয়েকজন বিনিয়োগকারীর বিরুদ্ধে এসইসির মামলা দায়েরের বিষয়টিও খোলাসা করা হয়, যা বিনিয়োগকারীদের আস্থা সঞ্চারে ভূমিকা রাখে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম পাঁচ মিনিটে সূচক ১৩৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কিছুটা কমলেও প্রথম ঘণ্টার পর আবার দ্রুত বাড়তে থাকে। সূচক বাড়ার এ ধারাবাহিকতা সারা দিনই বজায় ছিল। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.১৭ শতাংশ অর্থাত্ ১৯৬.৩৯ পয়েন্ট বেড়ে ৬,৩৮৯.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে আজ হাতবদল হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে আটটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৬১১ কোটি টাকার, যা গতকালের চেয়ে ২৩১ কোটি টাকা কম।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে মালেক স্পিনিং, বেক্সিমকো, গ্রামীণফোন, আরএন স্পিনিং, এনবিএল, এমআই সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, কেয়া কসমেটিকস, স্কয়ার টেক্সটাইল ও গোল্ডেন সন।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২.৯৯ অর্থাত্ ৫২৬.২৭ পয়েন্ট বেড়ে ১৮১১৪.০৪ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১২টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ মোট ৭৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা কম।