সাত দিন পর সচল আখাউড়া স্থলবন্দর
টানা সাত দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে।ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের ত্রিপুরার রাজ্যের রাজধানী আগরতলা আগমন উপলক্ষে তাঁর নিরাপত্তার জন্য ১১ মে থেকে বাংলাদেশের আখাউড়া ও আগরতলা চেকপোস্ট দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। তিনি গত মঙ্গলবার বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরের অদূরে আগরতলা স্থলবন্দরের উদ্বোধন করেন। আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে জানন, বুধবার সকাল নয়টায় ত্রিপুরায় মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে।আখাউড়া আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরাসহ সাতটি রাজ্যে প্রতিদিন দেড় শতাধিক ট্রাকযোগে বিভিন্ন পণ্য রপ্তানি হয়। স্থলবন্দর সাত দিন বন্ধ থাকায় বাংলাদেশের ব্যবসায়ীরা প্রায় আট কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উপার্জন থেকে বঞ্চিত হন বলে তিনি জানান।