প্রায় সাত বছর ধরে রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটির কোনো সভা হচ্ছে না। ২০০৩ সালের ২৪ এপ্রিলের পর কোনো সভা হয়নি। সর্বশেষ ২০০৪ সালের ২২ এপ্রিল কমিটির ১১তম সভা আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। পরে এ বিষয়ে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার এক বছর পর এই সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে নতুন করে কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীকে সভাপতি ও অর্থমন্ত্রীকে সহসভাপতি করে ৩৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি করা হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ খবর পাওয়া গেছে।এ কমিটি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইপিবির ভাইস চেয়ারম্যান, বেপজার নির্বাহী চেয়ারম্যান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনসহ গুরুত্বপূর্ণ ১৬টি চেম্বার ও সমিতির সভাপতিকে সদস্য হিসেবে রাখা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটি দেশের সার্বিক রপ্তানি পরিস্থিতি পর্যালোচনা করবে। রপ্তানি পদ্ধতি, রপ্তানি উত্সাহ ও রপ্তানি দ্রব্য উত্পাদনসংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা ও সুপারিশ বা সিদ্ধান্ত নেবে। এ কমিটি রপ্তানির ক্ষেত্রে বিরাজমান বা উদ্ভূত সমস্যাদি বিবেচনা ও সুপারিশ বা সিদ্ধান্ত গ্রহণ এবং রপ্তানির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত বিষয়াদি পর্যালোচনা করবে। কমিটি বছরে অন্তত একবার বৈঠকে মিলিত হবে।খোঁজ নিয়ে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটির সভা আয়োজনের উদ্যোগ নিয়েছে। তবে সভার তারিখ নির্ধারণ করা হয়নি। ইতিমধ্যে সভায় উপস্থাপনের জন্য দেশের ব্যবসায়ী শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিকে মন্তব্য বা মতামত জানাতে বলা হয়েছে। সূত্র জানায়, সাত বছর আগে সর্বশেষ সভার পর ২০০৫ সালের ১ জানুয়ারি থেকে মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্টের (এমএফএ) আওতায় পোশাক রপ্তানিতে কোটা-সুবিধা উঠে গেছে। আবার যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায়নি। অন্যদিকে এখন আবার বিশ্বমন্দায় দেশের রপ্তানি আয়ে প্রভাব পড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা করে রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনার জন্য এ জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন দেশের রপ্তানিকারকেরা।সূত্র জানায়, কমিটির দশম সভা অনুষ্ঠিত হয়েছে ২০০৩ সালের এপ্রিলে। কমিটির ১১তম সভা ২০০৪ সালের ১১ এপ্রিল ধার্য করা হলেও পরে এটি পরিবর্তন করে ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত তারিখে শেষ পর্যন্ত সভাটি অনুষ্ঠিত হয়নি। সূত্র জানায়, মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু দশম সভার পর বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে মাত্র একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন খাতভিত্তিক সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশমালা পাঠানোর জন্য দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) দায়িত্ব দেওয়া হয়। দেশের রপ্তানিমুখী বিভিন্ন সংগঠনের দেওয়া সমস্যা, সম্ভাবনা ও প্রস্তাবের ওপর ভিত্তি করেই এফবিসিসিআই তাদের সুপারিশ প্রণয়ন পাঠায়। তার পরও বিগত সরকারের সময় বাণিজ্য মন্ত্রণালয় সভা আয়োজনের ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি বলে সূত্র জানায়।রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটি ১৯৯৩ সালে গঠিত হয়। প্রধানমন্ত্রী এই কমিটির সভাপতি। আগে এ কমিটির সদস্য ৩৬ জন থাকলেও এবার তিনজন বাড়ানো হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে দেশে পণ্য রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে চার শতাংশ কম হয়েছে। পাশাপাশি প্রবৃদ্ধির হারও গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।২০০৮-০৯ অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল এক হাজার ৬২৯ কোটি ৮৪ লাখ ডলার। এর বিপরীতে শেষ পর্যন্ত আয় হয়েছে এক হাজার ৫৫৬ কোটি ৫১ লাখ ডলার। চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশের পণ্য রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় সাত শতাংশ কমে গেছে। আর লক্ষ্যমাত্রার বিপরীতে প্রকৃত রপ্তানি আয় ১১ দশমিক ৪১ শতাংশ কম হয়েছে। এ সময়ে দেশের প্রধান রপ্তানি খাতের মধ্যে নিট পোশাকের রপ্তানি ৫ দশমিক ৬৬ শতাংশ এবং ওভেন পোশাকের রপ্তানি ৭ দশমিক ৮৬ শতাংশ কমেছে।