সাত বছরে পা রাখল ইউনাইটেড এয়ার
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ সাত বছরে পা দিয়েছে। ২০০৭ সালের ১০ জুলাই ঢাকা থেকে সিলেটে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করেছিল এই বিমান সংস্থাটি।
ইউনাইটেড এয়ারওয়েজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ছয় বছরে ইউনাইটেড এয়ার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ৩৮ হাজার ফ্লাইট পরিচালনা করেছে। এ সময় প্রায় ১৪ লাখ যাত্রী ও দুই হাজার ৮০০ টন মালামাল পরিবহন করেছে বিভিন্ন গন্তব্যে। ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট, কলকাতা গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া অভ্যন্তরীণ গন্তব্য ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে। আগামী আগস্টে আন্তর্জাতিক গন্তব্য ঢাকা থেকে সিঙ্গাপুর ও দোহা এবং অভ্যন্তরীণ গন্তব্য ঢাকা-ঈশ্বরদী গন্তব্যে রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বছরের মধ্যে ঢাকা-করাচি ও ঢাকা-ইয়াংগুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বলে ইউনাইটেড এয়ারের সহকারী মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানিয়েছেন। গতকাল বুধবার ষষ্ঠ বছর পূর্তি উপলক্ষে ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসবিরুল আহমেদ চৌধুরী বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোনো ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বহরে অধিক সংখ্যক বিমান যুক্ত করে গন্তব্য আরও সম্প্রসারণের লক্ষ্যে ইউনাইটেড এয়ারওয়েজ কাজ করে চলছে।’