সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জরিমানা
গ্রাহকের হিসাবে হালনাগাদ তথ্য না থাকা এবং গ্রাহক সম্পর্কে পূর্ণাঙ্গ পরিচিতি (কেওয়াইসি) না নেওয়ায় ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো: প্রিমিয়ার, ইসলামী, মার্কেন্টাইল, সাউথইস্ট, ডাচ্-বাংলা, জনতা এবং আর্থিক প্রতিষ্ঠান বিআইএফসি।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের (এফআইইউ) পরিদর্শন প্রতিবেদন ধরে সম্প্রতি এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গ্রাহকের সঠিক ও পূর্ণাঙ্গ পরিচিতি সংরক্ষণ এবং হালনাগাদ করতে ব্যাংকগুলোর প্রতি সার্বক্ষণিক নির্দেশনা রয়েছে। তা পালন না করায় কয়েকটি ব্যাংককে এ জরিমানা করা হয়েছে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রিমিয়ার ব্যাংককে জরিমানা করা হয়েছে ২০ লাখ টাকা। ইসলামী ব্যাংককে জরিমানা করা হয়েছে ১০ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংককে পাঁচ লাখ টাকা, সাউথইস্ট ব্যাংককে তিন লাখ টাকা, ডাচ্-বাংলা ব্যাংক ও জনতা ব্যাংককে দুই লাখ টাকা করে এবং বিআইএফসিকে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা।
যোগাযোগ করা হলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ তথ্যের বিষয়ে বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপ নিচ্ছে, তাকে তিনি স্বাগত জানান। তবে তাঁদের ১০ লাখ টাকা যে জরিমানা করা হয়েছে, সেটা বেশি কঠোরতা দেখানো হয়েছে মনে করেন মান্নান।
ইসলামী ব্যাংকের এমডি জানান, প্রবাসীদের একটি ট্রাস্ট হিসাবে কিছু টাকা তাঁদের ব্যাংকে আছে। এই টাকা থেকে যে আয় আসে, তা গ্রাহকদের এলাকায় গরিব ছাত্রদের পড়াশোনায় ব্যয় হয়। হিসাবটির সব তথ্য আছে। কিন্তু ট্রাস্ট হিসাব সংরক্ষণে চুক্তিনামা নেওয়া হয়নি। এটা অনিচ্ছাকৃত ভুল।
২০০২ সাল থেকে কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর সব ধরনের গ্রাহকের হিসাবের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা দিয়ে আসছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কয়েক দফা বিভিন্ন তথ্য সংগ্রহের ফরমও সরবরাহ করেছে। এর আগে ব্যাংকগুলো নিজেদের প্রয়োজনীয় কিছু তথ্য-উপাত্ত নিয়ে গ্রাহকদের ব্যাংক হিসাব খুলত। ২০০২ সালে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়ার পর আগে খোলা হিসাবগুলোকে হালনাগাদ করতে বারবার তাগাদা দিয়ে আসছে। সর্বশেষ ২০১২ সাল পর্যন্ত এর জন্য সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের পরও উপরিল্লিখিত ব্যাংকগুলোর এক বা একাধিক শাখার কিছু হিসাবে তা পালন করা হয়নি। এফআইইউর পৃথক পরিদর্শনে বিষয়টি উঠে আসার পর গত কয়েক দিনে এই জরিমানা করা হয়।
ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির পক্ষ থেকে গত রোববার পত্রিকায় ‘অ্যাকাউন্টে গ্রাহক তথ্য হালনাগাদ করুন’ শিরোনামে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংক হিসাবে গ্রাহক তথ্য হালনাগাদ করা বাধ্যতামূলক করা হয়েছে। যে শাখায় যাঁর হিসাব রয়েছে, সেখানে গিয়ে পরিবর্তিত হিসাব খোলার ফরম পূরণ ও আগামী ৩০ দিনের মধ্যে এসব তথ্য হালনাগাদ করার অনুরোধ করা হয়েছে এবিবির বিজ্ঞপ্তিতে।