সাত মাস আগের অবস্থানে ডিএসইর লেনদেন
মন্দা অবস্থা কাটছে না দেশের শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম দিন আজ রোববারও লেনদেনে মন্দা ভাব লক্ষ করা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাত মাস আগের অবস্থানে নেমে এসেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কমেছে লেনদেন।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত মাসের শেষ দিকে লেনদেনে কিছুটা উন্নতি হলেও এ মাসের শুরু থেকে মন্দা ভাব শুরু হয়। প্রতিদিনই লেনদেন কমতে থাকে। এতে আতঙ্কিত হয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা লক্ষ করা যায়। কিন্তু সেই অনুযায়ী ক্রেতা না থাকায় প্রতিদিনই শেয়ারের দাম কমছে। পাশাপাশি লেনদেনও কমে যাচ্ছে। এমনকি ২০ মে ১৯৬ কোটি টাকায় নেমে যায় ডিএসইর লেনদেন। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন বিনিয়োগকারীরা।
অব্যাহতভাবে শেয়ারের দাম কমে যাওয়ায় এবং লেনদেন কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশাও বিরাজ করছে। এমনই হতাশা প্রকাশ করে মো. পলাশ নামের এক বিনিয়োগকারী বলেন, ‘আমরা কোথায় যাব? ২০১০ সালের ভয়াবহ ধস। এরপর বেশ কয়েকবার নতুন করে টাকা ঢুকিয়েছি। কিন্তু কোনো ফল নেই। প্রতিদিনই শেয়ারের দাম কমছে। এতে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের পথে বসার উপক্রম।’
ডিএসইতে ১৮২ কোটি টাকার লেনদেন
লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৩৭৮ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর কয়েকবার ওঠানামার পর শেষ পর্যন্ত নিম্নমুখী থাকে সূচক।
ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২০টির দাম বেড়েছে, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ১৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৭৬ কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে ২৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
এ দিকে ডিএসইর আজকের লেনদেন গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ২২ অক্টোবর ডিএসইতে ১৮৮ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বিএসআরএম স্টিল
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে বিএসআরএম স্টিল। আজ এ প্রতিষ্ঠানের আট কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, হা ওয়েল টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, মিথুন নিটিং, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, মতিন স্পিনিং প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে ১৫ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে) লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৫৬ পয়েন্টে।
সিএসইতে আজ ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৫টির দাম কমেছে, বেড়েছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।