সাত মাসে কৃষিঋণ বিতরণ কমেছে, আদায় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে ব্যাংকব্যবস্থা থেকে কৃষিঋণ বিতরণের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। তবে আলেচ্য সময়কালে কৃষিঋণ আদায়ের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে কৃষিঋণ বিতরণ ও আদায়ের এই চিত্র তথ্য পাওয়া গেছে।বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) লক্ষ্যমাত্রার ৪৮ দশমিক ৩৭ শতাংশ কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।প্রসঙ্গত, চলতি অর্থবছরে কৃষি খাতে ১৩ হাজার ৮০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে গত ২০১০-১১ অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ৬১৭ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, অর্থবছরের প্রথম সাত মাসে কৃষিঋণ বিতরণ করা হয়েছে ছয় হাজার ৬৭৫ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে বিতরণ করা কৃষিঋণের চেয়ে প্রায় সোয়া ছয় শতাংশ বা ৪৩৭ কোটি ২৮ লাখ টাকা কম। মূলত রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি ব্যাংকই কৃষি খাতে অধিকাংশ ঋণ বিতরণ করে থাকে।অন্যদিকে ২০১০-১১ অর্থবছরের প্রথম সাত মাসে কৃষিঋণ বিতরণের পরিমাণ ছিল সাত হাজার ১১২ কোটি ৬৫ লাখ টাকা।অবশ্য কৃষিঋণ বিতরণের দিক থেকে পিছিয়ে থাকলেও ঋণ আদায়ের দিক দিয়ে এগিয়ে আছে ব্যাংকগুলো। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বকেয়া কৃষিঋণ আদায় করা হয়েছে সাত হাজার ১০৩ কোটি ৫৪ লাখ টাকার। এটি আগের বছরের একই সময়ের চেয়ে ৩০১ কোটি ৭৭ লাখ টাকা বেশি।২০১০-২০১১ অর্থবছরের প্রথম সাত মাসে কৃষিঋণ আদায়ের পরিমাণ ছিল ছয় হাজার ৮০১ কোটি ৭৭ লাখ টাকা।বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, মাসওয়ারি হিসাবেও কৃষিঋণ বিতরণের পরিমাণ কমেছে। পরিসংখ্যান অনুসারে, ২০১১ সালের ডিসেম্বরে যেখানে মোট কৃষিঋণ বিতরণের পরিমাণ ছিল এক হাজার ৩৭৯ কোটি ৯৩ লাখ টাকা, সেখানে জানুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ৯৪৫ কোটি নয় লাখ টাকায়।অর্থাৎ এক মাসের ব্যবধানে কৃষিঋণ বিতরণ কমেছে ৪৩৪ কোটি ৮৪ লাখ টাকা।অবশ্য ২০১০ সালের ডিসেম্বর ও ২০১১ সালের জানুয়ারিতেও এভাবে কৃষিঋণ বিতরণ কমেছিল। ডিসেম্বরে যেখানে কৃষিঋণ বিতরণের পরিমাণ যেখানে ছিল এক হাজার ৫০৩ কোটি ৯৪ লাখ টাকা, সেখানে পরের মাসে তা কমে দাঁড়ায় ৮৮৭ কোটি ৮৪ লাখ টাকায়।বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এক মাসের ব্যবধানে কৃষিঋণ আদায়ের পরিমাণও কমেছে। গত বছর ডিসেম্বরে যেখানে ঋণ আদায়ের পরিমাণ ছিল এক হাজার ৩৭৪ কোটি ৬৮ লাখ টাকা, সেখানে চলতি বছর জানুয়ারিতে এসে তা নেমে এসেছে ৬৭১ কোটি ৭৪ লাখ টাকায়।