সাত মাসে বাজেট ঘাটতি অর্থায়ন আড়াই গুণ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বাজেট ঘাটতি অর্থায়ন গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় আড়াই গুণ বেড়েছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ঘাটতি অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৩৪৫ কোটি টাকা। গত ২০১০-১১ অর্থবছরের একই সময়ে এই ঘাটতি অর্থায়নের পরিমাণ ছিল আট হাজার ৬৪৮ কোটি টাকা।চলতি অর্থবছরের এই সময়কালে যে পরিমাণ বাজেট ঘাটতি হয়েছে, তার সিংহভাগই বা প্রায় ৮০ শতাংশ মেটানো হয়েছে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিয়ে। এর মধ্যে আবার ব্যাংকঋণের পরিমাণই বেশি। আলোচ্য সময়কালে ঘাটতি অর্থায়নের জন্য অভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ২৬১ কোটি টাকা। বাকি অর্থ বিদেশি উৎস বা বিদেশি ঋণ নিয়ে মেটানো হয়েছে, যার পরিমাণ চার হাজার ৮৩ কোটি টাকা।যোগাযোগ করা হলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘ঘাটতি অর্থায়নে প্রত্যাশার চেয়ে বেশি ঋণ নেওয়া হচ্ছে। এবার বিদেশি উৎস থেকে অর্থ কম পাওয়া যাচ্ছে। ফলে অভ্যন্তরীণ উৎস, বিশেষ করে ব্যাংকব্যবস্থা থেকে বেশি ঋণ নিতে হচ্ছে।’আহসান মনসুর আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি, সারসহ বিভিন্ন খাতে সরকারকে এবার বেশি ভর্তুকি দিতে হচ্ছে। তাই ঘাটতি অর্থায়ন বাড়ছে। আর এই অর্থায়নে ব্যাংকব্যবস্থা থেকে বেশি ঋণ নেওয়ায় মূল্যস্ফীতির চাপ ভবিষ্যতে আরও বাড়বে, বেসরকারি খাতে ঋণের প্রবাহও তুলনামূলক কম হবে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ব্যাংকব্যবস্থা থেকে সরকার প্রকৃত (নিট) ঋণ গ্রহণ করেছে ১৬ হাজার ২৭৫ কোটি ৬০ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে এই উৎস থেকে ঋণ গ্রহণের পরিমাণ ছিল মাত্র এক হাজার ২৭ কোটি ২০ লাখ টাকা।আবার চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ব্যাংকবহির্ভূত উৎস থেকে বিশেষ করে সঞ্চয়পত্র বিক্রি করে সরকার নিট ঋণ নিয়েছে ৯৮৬ কোটি ১১ লাখ টাকা। গতবার একই সময়ে এর পরিমাণ ছিল তিন হাজার ৮১ কোটি টাকা।পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায় যে চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে বিদেশি উৎস থেকে সরকার ঘাটতি অর্থায়নের জন্য নিট চার হাজার ৮৩ কোটি টাকা ঋণ নিয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল চার হাজার ৫৩৯ কোটি টাকা। বাজেট ঘাটতি মোকাবিলায় বিদেশ থেকে ঋণ নেওয়া কিছুটা কমেছে।চলতি অর্থবছরে বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ হবে বলে ধরা হয়েছে। কিন্তু জুলাই-জানুয়ারি সময়কালেই এই ঘাটতি ২ দশমিক ৩৭ শতাংশ হয়ে গেছে।