সাত মাসে ১৫৭ কোটি ডলার বিদেশি সহায়তা ছাড়
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) প্রায় ১৫৭ কোটি ডলারের সমপরিমাণ বিদেশি সহায়তা ছাড় করছে উন্নয়ন সহযোগীরা। গত অর্থবছরের একই সময়ের চেয়ে এক কোটি ৪১ লাখ ডলার বেশি ছাড় হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইআরডি সূত্র জানায়, গত জানুয়ারি মাস পর্যন্ত মোট ১৫৬ কোটি ৮৩ লাখ ডলার ছাড় হয়েছে। এর মধ্যে ঋণ হিসেবে ১২৫ কোটি ৯২ লাখ ডলার এবং বাকি ৩০ কোটি ৯০ লাখ ডলার অনুদান হিসেবে ছাড় হয়েছে। উল্লেখ্য, চলতি অর্থবছরে মোট ২৫৫ কোটি ডলারের বৈদেশিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থবছরের প্রথম সাত মাসে সুদ ও আসল মিলিয়ে দাতাদের ৫৯ কোটি টাকা ৩২ লাখ ডলার পরিশোধ করেছে সরকার। এর মধ্যে আসল ৪৬ কোটি ৮৫ লাখ ডলার এবং সুদ ১২ কোটি ৪৭ লাখ ডলার। যদিও সুদ ও আসল পরিশোধের জন্য প্রতিবছর বাজেটে পৃথক বরাদ্দ রাখা হয়।
চলতি অর্থবছরে এই পর্যন্ত (সাত মাস) দাতাদের মধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক দিয়েছে ৫৮ কোটি ৮২ লাখ ডলার। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৩৩ কোটি ৯০ লাখ ডলার, জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থা জাইকা ২২ কোটি ৩৮ লাখ ডলার, চীন ১১ কোটি ২৯ লাখ ডলার ও ভারত ৭ কোটি ৮৫ লাখ ডলার ছাড় করেছে। আর জাতিসংঘের সব সংস্থা মোট সাত কোটি ৫৪ লাখ ডলার অনুদান দিয়েছে।