সাত মাসে ৩২ শতাংশ এডিপি বাস্তবায়ন
চলতি অর্থবছরের (২০১৬-১৭) জুলাই থেকে জানুয়ারি—এই সাত মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সার্বিক অগ্রগতি ৩২ শতাংশ। খরচ হয়েছে ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। তবে গত অর্থবছরে (২০১৫-১৬) এই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল আরও কম, ২৮ শতাংশ। খরচ হয় ২৮ হাজার ৭৫০ কোটি টাকা।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।
উল্লেখ্য, চলতি অর্থবছরে (২০১৬-১৭) মূল এডিপির আকার ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়সহ এডিপির আকার দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ২৭ শতাংশ। খরচ হয়, ৩৩ হাজার ৪৪৪ কোটি টাকা। অর্থাৎ, শুধু জানুয়ারি মাসে এডিপিতে খরচ হয়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা।