সাত হাজার কোটি টাকা লোপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু অ্যাভিনিউ করপোরেট শাখা। এখানে মেসার্স ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল ও মেসার্স মারজান টেক্সটাইল নামে দুটি প্রতিষ্ঠান মাত্র পাঁচ বছরে জালিয়াতি করে ভুয়া আইবিপি ঋণের মাধ্যমে সরিয়ে নিয়েছে ১০ কোটি টাকা। এ দুই কোম্পানির বিরুদ্ধে ফৌজদারি ও অর্থঋণ (মানিস্যুট) মামলা করতে বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিলেও তা করেননি শাখাটির কর্মকর্তারা।
একইভাবে পারটেক্স সুগার মিলসকে জালিয়াতির মাধ্যমে চিনি আমদানির নামে ১৫০ কোটি টাকা তুলে নেওয়ার সুযোগ দিয়েছেন ওই কর্মকর্তারা। মেসার্স ইরাজ অ্যাপারেলসের অনুকূলে মিথ্যা তথ্য দিয়ে সুদ মওকুফ ও জামানতের জমি কিনে ব্যাংকের আরও আর্থিক ক্ষতি করেছেন তাঁরা।
নারায়ণগঞ্জ করপোরেট শাখা থেকে মেসার্স রূপসী গ্রুপের (রূপসী নিটওয়্যার লিমিটেড, রূপসী ফেব্রিক্স লিমিটেড, রূপসী অ্যামব্রয়ডারি, রূপসী ডিজাইন অ্যান্ড প্রিন্টিংস ও মেসার্স সালমান নিট কম্পোজিট লিমিটেড) পাঁচটি সহযোগী প্রতিষ্ঠান মিলেমিশে অ্যাকুমুডেশন বিল, রপ্তানি বিলসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ২০০ কোটি টাকার বেশি ফোর্সড ঋণ সৃষ্টি করে তা তুলে নিয়েছে। এখানেও সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জড়িত।
এভাবে সোনালী ব্যাংকের নয়টি শাখা থেকে প্রায় সাত হাজার কোটি টাকা জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে এবং সংশ্লিষ্ট শাখার ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে আত্মসাৎ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
জানা গেছে, সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় থেকে আট প্রতিষ্ঠান মিলে দুই হাজার কোটি টাকা, বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা থেকে দুই প্রতিষ্ঠান মিলে ১০০ কোটি টাকার বেশি, বঙ্গবন্ধু অ্যাভিনিউ শাখা থেকে একটি প্রতিষ্ঠান ২৫০ কোটি টাকা, নারায়ণগঞ্জ শাখা থেকে একটি প্রতিষ্ঠান তার পাঁচ সহযোগীর মাধ্যমে ২০০ কোটি টাকার বেশি, চট্টগ্রামের আগ্রাবাদ করপোরেট শাখা থেকে পাঁচ প্রতিষ্ঠান বিভিন্নভাবে ৪০০ কোটি টাকার বেশি, লালদীঘি করপোরেট শাখা থেকে দুই প্রতিষ্ঠান ৯০ কোটি টাকা তুলে নিয়েছে বিভিন্ন কৌশলে।
এ ছাড়া হোটেল শেরাটন করপোরেট শাখা থেকে হল-মার্কসহ ছয় প্রতিষ্ঠানের তিন হাজার ৬০৬ কোটি টাকা আত্মসাৎ, আগারগাঁও শাখা থেকে ১৪১ কোটি টাকার বেশি এবং গুলশান শাখা থেকে ১০০ কোটি টাকার বেশি আত্মসাতের আভাস পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধান কর্মকর্তারা।
এসব অর্থ আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নির্দেশনা থাকলেও এগুলোর একটিও অনুসরণ করেননি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা। ফলে এসব অনিয়মের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে কাজ করছে দুর্নীতি দমন কমিশনের বিশেষ তদন্ত দল। ২ ডিসেম্বর সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঁচ শাখার নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। শাখাগুলো হচ্ছে স্থানীয় কার্যালয়, বৈদেশিক বাণিজ্য শাখা, নারায়ণগঞ্জ শাখা, আগ্রাবাদ শাখা ও লালদীঘি শাখা।
দুদক সূত্র জানায়, এসব শাখার প্রতিটিতেই নিরীক্ষা কার্যক্রম চালিয়ে প্রতিবেদন জমা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী কাজ না করে উল্টো অসাধু গ্রাহকদের সঙ্গে মিলেমিশে আরও অর্থ আত্মসাতে যোগ দিয়েছেন সংশ্লিষ্ট শাখার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখার হল-মার্ক কেলেঙ্কারি বিষয়ে দুদকের তদন্ত দলের প্রধান ও জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী প্রথম আলোকে জানান, সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় দেশের সবচেয়ে বড় শাখা ব্যাংক। এ শাখায় ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত বিভিন্নভাবে প্রায় দুই হাজার কোটি টাকার অনিয়ম করা হয়েছে। শাখার কিছু কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের কিছু কর্মকর্তার সহায়তায় বিভিন্ন ভুয়া ঋণ বা ভুয়া এলসি খুলে এ অর্থ তুলে নেওয়া হয়। ব্যাংকের নিরীক্ষা বিভাগের দায়দায়িত্বেও অবহেলা হয়েছে। পাশাপাশি বিভাগীয় তদন্তে চিহ্নিত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
দুদক অনুসন্ধান দলের হিসাবে মোট এক হাজার ৯৭৪ কোটি ৫০ লাখ টাকার অনিয়মের ঘটনা এটি।