সাতক্ষীরা চেম্বারের নির্বাচন শনিবার
সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী পর্ষদের চারটি সদস্য পদে আগামী শনিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা সবাই এখন প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের ব্যসায়িক প্রতিষ্ঠান ও বাড়িতে গিয়ে ধরনা দিচ্ছেন।সাতক্ষীরা চেম্বারের কার্যনির্বাহী পর্ষদের ১২ সদস্যের মধ্যে প্রতিবছর চারজন করে অবসরে যান এবং তাঁদের জায়গায় নতুন চারজনকে নির্বাচিত করা হয়। এরপর কার্যনির্বাহী পর্ষদের ১২ সদস্যের মধ্য থেকে একজন সভাপতি, একজন ঊর্ধ্বতন সহসভাপতি ও একজন সহসভাপতি নির্বাচন করা হয়।এবার আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন: কাজী কবিরুল হাসান, মো. নূরুল ইসলাম, মো. শরিফুল ইসলাম খান, এম এম মজনু, মো. আবদুল মান্নান, মো. সহিদুল হোসেন, শেখ আবুল বাশার ও নাছিম ফারুক খান।চেম্বারের সভাপতি নূরুল হক জানান, সুষ্ঠুভাবে ভোট আয়োজনের জন্য ইতিমধ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। চেম্বারের নিজস্ব ভবনে শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এবারে ভোটার হয়েছেন এক হাজার ৪০৩ জন।