সাতক্ষীরায় চিংড়িঘেরে ব্যাপক হারে মড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলায় বাগদা চিংড়ির ঘেরে মড়ক দেখা দিয়েছে। গত বছর আইলায় চিংড়িঘের ভেসে যাওয়ার পর চলতি মৌসুমে ভাইরাসের আক্রমণে চিংড়িতে মোড়ক দেখা দেওয়ায় ঘেরমালিক ও চাষিরা হতাশ হয়ে পড়েছেন।এই অবস্থা চলতে থাকলে চলতি বছর দেশের সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে বলে খোদ মৎস্য বিভাগ শঙ্কা প্রকাশ করেছে। অধিকাংশ চিংড়িঘেরের মালিক ও চাষিরা এখন সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা করছেন।সাতক্ষীরা জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় ৫৮ হাজার ৬৭০ হেক্টর জমিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩৫ হাজারটি ঘেরে বাগদা চিংড়ির চাষ হচ্ছে। চলতি বছর এ জেলায় চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৫৪ মেট্রিক টন, যার মূল্য প্রাক্কলন করা হয়েছে ৯০০ কোটি টাকা। এ বছর বাগদা চিংড়ির পোনার চাহিদা প্রাক্কলন করা হয়েছে প্রায় ২০ হাজার কোটি। প্রসঙ্গত, দেশে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন হ্যাচারি থেকে অধিকাংশ পোনা সরবরাহ হয়ে থাকে।জেলার শ্যামনগর উপজেলার হরিনগর জেলেখালী এলাকার চিংড়িচাষি কাজী আনিসুজ্জামান প্রথম আলোকে জানান, তাঁরা ৮০ বিঘা জমিতে প্রায় ১০ লাখ টাকা খরচ করে চিংড়ির চাষ করার পরে ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় ঘের ভেসে যায়। এ অবস্থায় চলতি বছর সহায়সম্বল বিক্রি করে আবার চাষ করেছেন। কিন্তু মৌসুমের শুরু থেকে ভাইরাসের কারণে চিংড়ি মরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে চিংড়ির চাষ ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না।আশাশুনি উপজেলার শ্রীউল্যা গ্রামের আবদুুর ছাত্তারও জানান, প্রায় ৪০০ বিঘা জমিতে তাঁর সাতটি ঘের গত বছর ভেসে যায়। এবার প্রায় ৬০ লাখ টাকা খরচের পরিকল্পনা নিয়ে আগেভাগে জমি প্রস্তুত করে চাষ শুরু করেন। কিন্তু ঘেরে চিংড়ির পোনা ছাড়তে না ছাড়তেই পোনা মরে যাচ্ছে। নানা রকম ওষুধ প্রয়োগ করেও মড়ক ঠেকানো যাচ্ছে না।একই উপজেলার শ্রীউল্যা গ্রামের আবদুল আজিজ ও রহুল কদ্দুস, লক্ষ্মীখালী গ্রামের মিলন সানা এবং শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আবদুর রশিদ ও তলশী মণ্ডলসহ প্রায় সব চিংড়িচাষি বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন।বাংলাদেশ চিংড়িচাষি সমিতির সভাপতি ডা. আফতাবুজ্জামান জানান, ভাইরাসযুক্ত চিংড়ির পোনা ছাড়ার পাশাপাশি আবহাওয়া বৈরী থাকায় এবং সময়মতো প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ার কারণেই মূলত ঘেরগুলোতে মড়ক দেখা দিয়েছে। তিনি বলেন, ভাইরাসমুক্ত চিংড়ির পোনা সরবরাহ নিশ্চিত করা না গেলে চিংড়িশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ থেকে বঞ্চিত হবে।এদিকে জেলা মৎস্য কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস জানান, চিংড়ির ঘেরে ভাইরাসের পাশাপাশি ব্যাকটেরিয়ার লক্ষণও দেখা যাচ্ছে। এতে চলতি বছর চিংড়ি উৎপাদনের ওপর বিরূপ প্রভাব পড়বে।নিত্যরঞ্জন বিশ্বাস বলেন, কক্সবাজার ও চট্টগ্রাম থেকে চিংড়ির পোনা নিয়ে আসার আগে পরীক্ষা করে ভাইরাসমুক্ত কি না, তা নিশ্চিত করতে হবে।