তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ দাবি করেছে, সাতটি ছাড়া বাকি সব কারখানার পোশাকশ্রমিকেরা ঠিকঠাক বেতন-বোনাস পেয়ে গেছেন। এ ছাড়া তিনটি কারখানায় ঈদের ছুটি ও একটিতে অগ্রিম বেতন নিয়ে ঝামেলা হচ্ছে। বিজিএমইএর কার্যালয়ে গতকাল বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এসব কথা বলেন। নেতারা আরও দাবি করেন, যেসব কারখানায় সমস্যা হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। আজকের (গতকাল) মধ্যেই বেতন-ভাতা দেওয়া হয়ে যাবে।প্রসঙ্গত, সারা দেশের পোশাকশ্রমিকদের বেতন-বোনাস দিতে সরকারের বেঁধে দেওয়া সময়সীমা গতকাল শেষ হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি আতিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি এস এম মান্নান, শহিদুল্লাহ আজিম প্রমুখ।সমিতির নেতারা জানান, মাসিয়াতা, ই এ সি, আনোয়ারা গার্মেন্টস, মেডলার, এ কে এইচ, স্টাইলো ও জেনিথ—এই সাত পোশাক কারখানায় বোনাস নিয়ে সমস্যা হচ্ছে। এসব কারখানা শ্রমিকেরা মূল বেতনের শতভাগ বোনাস দাবি করছেন। তা ছাড়া লুসাকা, ইয়ুথ ও ম্যাগপাই কারখানার শ্রমিকেরা ঈদের ছুটি ১০ দিন দাবি করায় ঝামেলা হচ্ছে। আর স্পেকট্রা গার্মেন্টসে অগ্রিম বেতন দাবি করেছেন শ্রমিকেরা।সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন সংস্থার তথ্যানুযায়ী ঈদের আগে বেতন-বোনাস নিয়ে সমস্যা হতে পারে এমন ৯২৭টি কারখানা চিহ্নিত করি আমরা। তারপর সেগুলোসহ মোট ৯৪২টি কারখানা পরিদর্শন করা হয়। এর মধ্যে ৯৩৫টিতে সময়মতো বেতন বোনাস দেওয়া হয়েছে। বাকিগুলোতে দেওয়ার প্রক্রিয়া চলছে।’ বিজিএমইএ সভাপতি আরও বলেন, বেতন-ভাতা নিয়ে যাতে সমস্যা না হয়, সে জন্য নয়টি আঞ্চলিক কমিটি ও ১৫টি তদারকি দল গঠন করা হয়। এ ছাড়া বিজিএমইএর কার্যালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। এটি ঈদের দিনও খোলা থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিএমইএর পরিবার থেকে এবারের ঈদ রানা প্লাজায় নিহত ও আহত শ্রমিকদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। সমিতির নেতারা ঈদের দিন সিআরপি ও এনাম মেডিকেলে চিকিৎসাধীন আহত শ্রমিকদের সঙ্গে কাটাবেন বলেও জানান তিনি।এ ছাড়া ঈদ শেষে শ্রমিকেরা নির্বিঘ্নে যাতে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে পারেন, সে জন্য জামায়াতে ইসলামীর ডাকা ১৩ ও ১৪ আগস্টের হরতাল প্রত্যাহারের আহ্বান করেন বিজিএমইএ সভাপতি। পরে রাত আটটায় আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাত কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। বাকি চারটির সমস্যাও সমাধান করা হয়েছে।