সাদা পতাকা নিয়ে রাস্তায় নামবেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদ এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির দাবিতে আগামী এক সপ্তাহের মধ্যে সাদা পতাকা নিয়ে রাজপথে নামবেন ব্যবসায়ীরা।
সারা দেশের সব ব্যবসায়ী, চেম্বার ও সমিতিগুলোর নেতারা নিজ নিজ কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের সড়কে সাদা পতাকা কিংবা সাদা কাপড়, তা-ও সম্ভব না হলে সাদা কাগজ নিয়ে প্রতীকী এ প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংগঠনের সহসভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্তের কথা জানান। গতকাল মঙ্গলবার দুপুরে মতিঝিলে ফেডারেশন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
হেলাল উদ্দিন বলেন, এর পরও যদি অবস্থার কোনো উন্নতি না হয়, তাহলে পরবর্তী সময়ে সারা দেশের ব্যবসায়ীদের মহাসমাবেশ হবে।
এফবিসিসিআইয়ের এ নেতা বলেন, ‘আমরা দুই নেত্রীর সঙ্গেই দেখা করেছি। তাঁরা আগ্রহ নিয়ে আমাদের কথা শুনেছেন। কিন্তু তার পরও অস্থিরতা কমেনি। দুই নেত্রীর কাছে অনুরোধ করছি, আমাদের এ অবস্থা থেকে পরিত্রাণ দিন।’
এর আগেও সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল এফবিসিসিআই। এ বছরের ২০ মার্চ সংবাদ সম্মেলন করে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ রাজনৈতিক অস্থিরতায় কর্মসূচি ঠিক করতে ঢাকায় ব্যবসায়ীদের সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। তখন ৬ এপ্রিল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এ সম্মেলন পিছিয়ে যায়। পরে ২০ এপ্রিল এবং তারপর ২৬ এপ্রিল দুই দফায় তারিখ নির্ধারণ হলেও ব্যবসায়ীদের সম্মেলন আর হয়নি, বারবারই তা পেছানো হয়।
এফবিসিসিআইয়ের পর্ষদসভায় আরও দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দুটি সিদ্ধান্ত ব্যাংকঋণ ও এর সুদকেন্দ্রিক।