সাদা মানুষের দেশে কালোটাকা জমা
ভারতীয় নাগরিকদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশ থেকে অবৈধ অর্থ বিদেশে পাচারের একটি জোরালো প্রবণতা রয়েছে। কালোটাকা গচ্ছিত রাখার নিরাপদ জায়গা হিসেবে জাতিগতভাবে সাদা মানুষের দেশ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোই তাঁদের বেশি পছন্দ।
কারণ ভারতীয় নাগরিকদের মাথায় যখন কালোটাকার কথা মাথায় আসে, তখন তাঁদের চোখের সামনে ভেসে ওঠে সুইজারল্যান্ডের কিছু সুউচ্চ ভবনের আলো ঝলমল ঝাড়বাতির ঝলকানি। মূলত ওই ভবনগুলো হচ্ছে ব্যাংক; যেখানে অবৈধ অর্থ গচ্ছিত রাখতে মরিয়া ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের কালোটাকার মালিকেরা।
এ ব্যাপারে সম্প্রতি যে তথ্য উঠে এসেছে, তা রীতিমতো বিস্ময়কর। এতে দেখা যায়, সর্বশেষ ২০১৩ সালে সুইস ব্যাংকসমূহে ভারতীয়দের রাখা অর্থের মোট পরিমাণ দাঁড়িয়েছিল ২৩০ কোটি মার্কিন ডলার; যা এর আগের বছর অর্থাৎ ২০১২ সালের তুলনায় ৪০ শতাংশ বেশি এবং ২০০৬ সালের মোট অর্থের এক-তৃতীয়াংশের সমান। ২০১৩ সালে সুইস ব্যাংকসমূহে বিদেশিদের মোট গচ্ছিত অর্থের মধ্যে ভারতীয়দের অংশ ছিল শূন্য দশমিক ১৫ শতাংশ।
এদিকে একটি সংবাদ সংস্থা কয়েক দিন আগে একজন সুইস কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, সুইজারল্যান্ড সরকার সুইস ব্যাংকগুলোতে ভারতীয় নাগরিকদের গচ্ছিত রাখা কালোটাকার তথ্য দিতে রাজি আছে। এর আগে মোদি সরকার ক্ষমতায় এসেই বিদেশি ব্যাংকে ভারতীয়দের রাখা কালোটাকা ফিরিয়ে আনার উদ্যোগ নেবে বলে ঘোষণা দেয়। সে অনুযায়ী সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক গত সপ্তাহে সেই দেশে ভারতীয়দের গচ্ছিত অর্থের তালিকা প্রকাশ করে।
ভারতীয় নাগরিকেরা প্রধানত অবৈধভাবে উপার্জিত ও কর ফাঁকি দেওয়া অর্থ রাখার নিরাপদ জায়গা হিসেবে সুইস ব্যাংকসমূহে গচ্ছিত রাখে৷ বছরের পর বছর ধরেই তারা গোপনে এমনটি করে আসছে। তাদের অনেকেই আবার অত্যন্ত কৌশলে সুইজারল্যান্ড থেকে অর্থ ফিরিয়ে এনে দেশে বিনিয়োগ করে থাকেন।
ভারতীয় নাগরিকদের অবৈধ বা কালোটাকার পরিমাণ সম্পর্কে কেউই অবশ্য সঠিক তথ্য জানেন না। তবে এটির পরিমাণ খুব বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে৷ যেমন—একটি প্রচলিত ধারণা রয়েছে যে ভারত থেকে যুগ যুগ ধরে গোপনে সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে নিয়ে যাওয়া অর্থের পরিমাণ হবে ১ দশমিক ৪ ট্রিলিয়ন (এক ট্রিলিয়নে এক লাখ কোটি) বা এক লাখ ৪০ হাজার কোটি ডলার। গবেষক আর বৈদ্যনাথনের ২০০৯ সালের একটি বিশ্লেষণকে ভিত্তি ধরে ওই পরিমাণ অর্থে বিদেশে পাচার হওয়ার ধারণা করা হয়।
বৈদ্যনাথন আবার তাঁর বিশ্লেষণটি দাঁড় করিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইনট্রেগ্রিটির (জিএফআই) প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে। সব মিলিয়ে এ সম্পর্কে সর্বাধিক প্রচলিত ধারণাটি হলো, বিভিন্ন দেশে ভারতীয়দের গচ্ছিত কালোটাকা বা অবৈধ অর্থের পরিমাণ এক লাখ ৪০ হাজার কোটি ডলার।
এদিকে জিএফআইয়ের ‘ভারত থেকে অবৈধ অর্থপ্রবাহের চলক ও গতিময়তা: ১৯৪৮-২০০৯’ শীর্ষক ওই প্রতিবেদনের অন্যতম সহ-লেখক দেব কর অবশ্য প্রচলিত ধারণাটি উড়িয়ে দিয়েছেন। তিনি মনে করেন, বিদেশে ভারতীয়দের রাখা অর্থের পরিমাণ হতে পারে ৫০ হাজার কোটি ডলারের মতো। এই তথ্যটিই মেনে নিয়েছেন ভারতের রাজনীতিবিদ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সংস্কারপ্রত্যাশীরা।
ভারতীয় জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ হলো কালোটাকা। এ সম্পর্কে এমন কথাও রয়েছে যে রাজনীতিবিদদের অবৈধ বা কালোটাকা নিয়ে যাঁরা রাজপথে সোচ্চার বা গলা ফাটান, তাঁদের অনেকেও একই কাজ করে থাকেন। এসব লোক রিয়েল এস্টেট বা জমি ও বাড়ি ক্রয় কিংবা পণ্য আমদানির ক্ষেত্রে কালোটাকা কাজে লাগিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে।
ভারতে নির্বাচনের সময়ও বড় মাপে কালোটাকার খেলা চলে। ভোট কেনার জন্য অনেক প্রার্থী বা তাঁদের কর্মী-সমর্থকেরা ভোটারদের পেছনে প্রচুর কালোটাকা খরচ করে থাকেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস।