সাধারণ করদাতাদের সুখবর কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত সীমা না বাড়লেও ন্যূনতম করের পরিমাণ বেড়েছে। তাই সাধারণ করদাতারা বাড়তি সুবিধা তো পাননি, বরং করের বোঝা বেড়েছে। এখন থেকে করযোগ্য প্রত্যেক করদাতাকে কমপক্ষে তিন হাজার টাকা দিতে হবে। গতকাল বৃহস্পতিবার আগামী অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী এই প্রস্তাব দিয়েছেন। বর্তমানে ন্যূনতম করের পরিমাণ দুই হাজার টাকা। আর ব্যক্তিশ্রেণীর করমুক্ত সীমা এক লাখ ৮০ হাজার টাকা বহাল রাখা হয়েছে।অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, কোনো টিআইএনধারীর বার্ষিক আয় এক লাখ ৮০ হাজার টাকার বেশি আয় হলেই কমপক্ষে তিন হাজার টাকা কর দিতে হবে। এ ছাড়া এক লাখ ৮০ হাজার থেকে পরবর্তী তিন লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ, তার পরবর্তী চার লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, তার পরবর্তী তিন লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ এবং অবশিষ্ট আয়ের জন্য ২৫ শতাংশ আয়কর আরোপ বহাল রয়েছে। এ ছাড়া মহিলা বা ৬৫ উর্ধ্ব বয়সী করদাতা ও প্রতিবন্ধীদের করমুক্ত সীমা আগের মতো আছে।উৎসে কর: রপ্তানিকারকদের ওপর আয়করের বোঝা আরেকটু বাড়ল। সব ধরনের রপ্তানির ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার দ্বিগুণ করে ১ দশমিক ২০ শতাংশ প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, তৈরি পোশাকবহির্ভূত রপ্তানিকারকেরা দশমিক ৬০ শতাংশ আর তৈরি পোশাক রপ্তানিকারকেরা দশমিক ৭০ শতাংশ হারে উৎসে কর দিয়ে থাকে। তবে আগামী অর্থবছরের জন্য রপ্তানি-বাণিজ্যের বিদ্যমান প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। গত বাজেটে প্রথমে দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে দেড় শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। পরে রপ্তানিকারকদের চাপে তা দশমিক ৬০ শতাংশ ও দশমিক ৭০ শতাংশে নামিয়ে আনা হয়। ল্যান্ড ডেভেলপার কোম্পানি কর্তৃপক যেকোনো জমি বিক্রির ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার এলাকাভেদে পাঁচ ও তিন শতাংশ নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার, জিপ, মাইক্রোবাসের নিবন্ধন ও ফিটনেস নবায়নকালে উৎসে করের হার বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক টেলিফোন কলের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) সার্ভিসের সমুদয় অর্থের ওপর এক শতাংশ হারে ও অন্যদের ক্ষেত্রে আইজিডব্লিউ কর্তৃক প্রদত্ত অর্থের ওপর পাঁচ শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করা হয়েছে। কর অবকাশসুবিধা: সরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাভুক্ত (ইপিজেড) শিল্পপ্রতিষ্ঠানগুলোর মতো বেসরকারি ইপিজেডে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানও একই ধরনের কর অবকাশসুবিধা পাবে। অর্থমন্ত্রী এই প্রস্তাব করেছেন। প্রসঙ্গত, বর্তমানে শিল্প স্থাপনের পর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বিভিন্ন হারে কর অবকাশসুবিধা রয়েছে। এ ছাড়া দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও এর বিকাশে সিনেমা হল ও সিনেপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে এলাকাভেদে পাঁচ এবং সাত বছর কর অবকাশসুবিধা পাবে। অন্যদিকে রাইস ব্রান ওয়েল উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানকে এলাকাভেদে পাঁচ ও সাত বছরের জন্য কর অবকাশসুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। মওকুফ ও অব্যাহতি: প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্ট ফান্ডে নির্দিষ্ট পরিমাণ অনুদান করমুক্ত থাকবে। কোনো করদাতা নির্ধারিত সীমার প্রদত্ত অনুদান খরচ হিসেবে বিবেচিত হবে। এ জন্য এই আয়ের ওপর কোনো কর দিতে হবে না। কোম্পানি শ্রেণীর করদাতারা সর্বোচ্চ আট কোটি টাকা বা মোট আয়ের ২০ শতাংশ (দুইয়ের মধ্যে যেটি কম) অনুদান দিতে পারবেন। আর ব্যক্তিশ্রেণীর করদাতারা সর্বোচ্চ এক কোটি টাকা বা মোট আয়ের ২০ শতাংশ (দুইয়ের মধ্যে যেটি কম) অনুদান দিতে পারবেন। এ ছাড়া কৃষিপণ্য উৎপাদনে বহুমুখীকরণের উদ্দেশ্যে ভুট্টা ও সুগারবিট উৎপাদন থেকে উদ্ভূত আয়কে ৫০ শতাংশ কর অব্যাহতিসুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মানে হলো, ভুট্টা ও সুগারবিট উৎপাদনকারীরা তাদের আয়ের অর্ধেকের ওপর কর আরোপিত হবে।