সাধারণ নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে বাজেট তৈরির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে এক সেমিনারে বক্তারা বলেছেন, তৃণমূল পর্যায়ের সাধারণ নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে বাজেট প্রণয়ন এবং উন্নয়ন-প্রক্রিয়ার দেখভাল করার ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করা গেলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে।বক্তারা বলেন, যথাযথ দেখাশোনার অভাবে গ্রামীণ এলাকায় রাস্তাঘাট, বিদ্যালয় ও সেতুর মতো ভৌত অবকাঠামোগুলোর নির্মাণকাজ নিম্নমানের হয়।কালাই উপজেলার হাতিয়ার মাদ্রাসা মাঠে সম্প্রতি ‘তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠী ও গ্রামীণ এলাকার পেশাজীবীদের নিয়ে বাজেট প্রণয়ন’ শীর্ষক এক উন্মুক্ত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ইউএসএইডসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ‘ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থা’ ও ‘গ্রামীণ আলো’ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।স্থানীয় ইউপি সদস্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন আহম্মেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ কালাম, শিক্ষাবিদ অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিক্ষক জাহেদুল ইসলাম ও সাজ্জাদুর রহমান, শিক্ষিকা মোহসেনা আক্তার, গৃহবধূ বীণা মণ্ডল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজিকুল ইসলাম, কলেজছাত্রী কল্পনা আকতার, স্কুলছাত্রী নিলা আক্তার, কৃষক সামছুল ইসলাম, ব্যবসায়ী বেলাল হোসেন, দিনমজুর আকরাম উদ্দিন, ভ্যানচালক জালাল উদ্দিন, সাংবাদিক তৌহিদুল ইসলাম, ছাত্রনেতা আবুল কাশেম এবং ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী অনিতা সরকার ও গ্রামীণ আলোর নির্বাহী ফেরদৌসী বেগম।