সাধারণ বিমা কোম্পানির প্রতিনিধিদের কমিশন সর্বোচ্চ ১৫ শতাংশ
সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানির প্রতিনিধিদের দেওয়ার জন্য কমিশনের হার বেঁধে দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এখন থেকে কোম্পানিগুলো তাদের প্রতিনিধিদের সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত কমিশন দিতে পারবে। অর্থাৎ কোনোভাবেই এর চেয়ে বেশি কমিশন দেওয়া যাবে না। দেশের সব সাধারণ বিমা কোম্পানির উদ্দেশ্যে গত ১ এপ্রিল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইডিআরএ। এতে বলা হয়েছে, প্রতিনিধিদের জন্য কমিশনের হার প্রিমিয়ামের অংকের ১৫ শতাংশের বেশি হতে পারবে না। কমিশনের পাশাপাশি অন্য কোনো পারিশ্রমিকও দেওয়া যাবে না তাঁদেরকে। এমনকি পারিশ্রমিকের জন্য চুক্তিও করা যাবে না।অগ্নি, নৌ ও বিবিধ বিমা পলিসি ইস্যু করার ক্ষেত্রে পরিশোধযোগ্য বিমা প্রিমিয়ামের উপর এই কমিশন দেওয়া হয়। বিলুপ্ত ১৯৩৮ সালের বিমা আইনে নৌ-বিমায় ১০ শতাংশ এবং অগ্নি ও বিবিধ বিমায় ১৫ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়ার সীমা ছিল। বর্তমানে তিন ধরণের বিমাতেই সর্বোচ্চ ১৫ শতাংশ করা হয়েছে। ২০১০ সালে নতুন বিমা আইন হওয়ার পর এখন পর্যন্ত প্রবিধানমালা না হওয়ায় কোম্পানিগুলো আগের আইনই অনুসরণ করে আসছিল বলে জানা গেছে। গত কয়েক মাস থেকে অবশ্য কমিশনের নতুন হার বেঁধে দেওয়ার জন্য আইডিআরএর কাছে দাবি জানিয়ে আসছিল কোম্পানিগুলো। প্রজ্ঞাপনেসাধারণ বিমা কোম্পানিগুলোকে আরও কয়েকটি শর্ত পরিপালনের কথাও বলেছে আইডিআরএ। বলা হয়েছে, এখন থেকে আর বিমা প্রতিনিধিদের কমিশনের টাকা প্রিমিয়ামের সঙ্গে সমন্বয় করা যাবে না। আগে প্রিমিয়ামের অংক জমা দিতে হবে, তারপর প্রতিনিধিদের কমিশনের টাকা পরিশোধ করা হবে। শুধু তাই নয়, কমিশনের টাকা এখন থেকে পরিশোধ করতে হবে নগদ টাকার পরিবর্তে বরং অ্যাকাউন্টপেয়ী চেকের মাধ্যমে। গত ১ এপ্রিল থেকেই এ প্রজ্ঞাপন কার্যকর।প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো অবস্থাতেই বিমা কোম্পানির পলিসি অথবা কভারনোটের টাকা প্রিমিয়ামের সঙ্গে সমন্বয় করা যাবে না। আর, একটি পলিসি খোলা হলে প্রতিনিধিরা যে কমিশন পাবেন, তা তাদেরকে দিতে হবে অ্যাকাউন্ট পেয়ী চেকের মাধ্যমে। আবার, আইডিআরএ থেকে নিবন্ধন নেওয়া প্রতিনিধি বা ব্রোকার ছাড়া কেউ এ কমিশন পাবেন না। এতে আরও বলা হয়, এখন থেকে বিমা কোম্পানির প্রধান কার্যালয়, মুখ্য কার্যালয় এবং শাখা কার্যালয়কে তাদের সব ব্যাংক হিসাবের তথ্য মাসিকভিত্তিতে সংরক্ষণ করতে হবে।