সাধারণ বীমা করপোরেশনের নিট মুনাফা বেড়েছে
রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি সাধারণ বীমা করপোরেশনের ২০১২ সালে নিট মুনাফা হয়েছে ১৮০ কোটি টাকা। ২০১১ সালে এর পরিমাণ ছিল ১৭৫ কোটি টাকা। এই হিসাবে আগের বছরের চেয়ে গত বছর প্রতিষ্ঠানটির নিট মুনাফা বেড়েছে পাঁচ কোটি টাকা। আজ বুধবার সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) শামীমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১২ সালের বার্ষিক হিসাব উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম। সর্বসম্মতিক্রমে বার্ষিক হিসাব অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম শামসুল আলম।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ বীমা করপোরেশন ২০১২ সালে প্রিমিয়াম আয় করেছে ৫১২ কোটি টাকা। দাবি নিষ্পত্তি করেছে ১৬৪ কোটি টাকা। এ ছাড়া সরকারকে আয়কর বাবদ প্রায় ৫০ কোটি এবং লভ্যাংশ বাবদ ২৫ কোটি টাকা দিয়েছে।