সাধারণ মানুষ বাজেটে যা চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জাতীয় সংসদে ২০১৪-১৫ অথর্বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ এই বাজেট থেকে সাধারণ মানুষ কী প্রত্যাশা করতে পারে, তা জানতে প্রথম আলো বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকজন মানুষের মুখোমুখি হয়৷ তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল: ১. বর্তমান অর্থনীতির অবস্থা কেমন মনে হচ্ছে? ২. বাজেটে কোন বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত? ৩. বাজেটে কী দেখতে চান না? ৪. আপনি বা আপনার পরিবারের জন্য বাজেটের মাধ্যমে কী চান? ৫. আগামী অর্থবছরটা কেমন যাবে বলে মনে করছেন? এসব প্রশ্নের জবাবে তাঁরা যা বলেছেন এখানে সংক্ষেপে তাঁদের জবানিতে তা তুলে ধরা হলো

আরিফ হোসেন
আরিফ হোসেন

আয়-উপার্জন যেন বাড়ে
আরিফ হোসেন
স্বত্বাধিকারী, সাবওয়ে ডিপার্টমেন্টাল স্টোর, বনশ্রী।
রাজনৈতিক অস্থিরতার প্রভাব এখনো আছে। যার কাছে টাকা আছে সে টাকা খরচ করছে না, আর যার নেই, তার নেই। আগে যেখানে প্রতিদিনই হরলিকস, ল্যাকটোজেন বিক্রি করতাম, এখন বিক্রি খুবই কম। আমার ছোট ভাই একটা বায়িং হাউসে চাকরি করত। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি স্থগিত হওয়ার কিছু দিন পর সে চাকরি হারায়। চাকরি না থাকায় বউকে সে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে।
আমি বুঝি না এক বছরে কেন চারবার গুঁড়া দুধের দাম বাড়বে? বাজেটে কর বাড়ানোর আগে আমাদের মতো মানুষের ওপর তার কী প্রভাব পড়বে, সেটা বিবেচনা করতে হবে। নিত্যপণ্যের দামে বড় প্রভাব পড়ে এমন কোনো কিছু যেন করা না হয়।
আমি কর কমানো চাই না, চাই দেশে যেন অস্থিরতা না থাকে। তাহলে বেচাবিক্রি ভালো হবে, পরিবার নিয়েও সুখে থাকতে পারব। সরকারের উচিত সবার আয় বাড়ে—এমন পদক্ষেপ নেওয়া। এটি হলে সবাই ভালো থাকবে। অর্থনীতিও ভালোভাবে চলবে।

নাসরিন সুলতানা
নাসরিন সুলতানা

চাই ভালো পাবলিক বাস
নাসরিন সুলতানা
প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী
দেশের অর্থনীতি মোটামুটি পর্যায়ে আছে। মানুষের আয় কিছুটা বেড়েছে। এ জন্য জিনিসপত্রের দাম বাড়লেও সাধারণ মানুষ কোনো রকমে দিন চালিয়ে নিতে পারছে। তবে দেশে এখনো বৈষম্যমূলক উন্নয়ন হচ্ছে। ধনিক শ্রেণি টাকার পাহাড় গড়ছে। উল্টোদিকে গরিব মানুষের উন্নয়ন হচ্ছে খুব ধীর গতিতে। বাজেটে এ বিষয়গুলোর সুরাহা করার পাশাপাশি কৃষি খাত ও পোশাকশিল্পের শ্রমিকদের দিকে বেশি নজর দেওয়া উচিত। যানজটমুক্ত রাস্তা চাই, চাই ভালো পাবলিক বাস, যেন আমাদের চলাফেরা করতে কষ্ট কম হয়৷ এ জন্য বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত। অন্যদিকে উচ্চশিক্ষা পর্যায়ে বেসরকাির বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোকে আরও নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ দরকার। কারণ এসব প্রতিষ্ঠানে উচ্চবিত্তের সন্তানেরা ছাড়া এখন আর কেউ পড়তে পারে না। বিষয়টির সুরাহা দরকার। আর নিত্যপণ্য যেন ক্রয়সীমার মধ্যে থাকে এবং কোনো ধরনের কর যেন বসানো না হয়।


মোক্তার মিয়া
মোক্তার মিয়া

‘হামারঘরের এলাকাত কারখানা হোক’
মোক্তার মিয়া
রিকশাচালক, আগারগাঁও
সারা দিন দুই বেলা ইশকা চলেয়া (রিকশা চালিয়ে) খরচ বাদ দিয়া ৪০০ ট্যাকার মতো থাকে। এনজিও ‘আশা’ থাকি ৩০ হাজার ট্যাকা লোন নিছি, পত্যেক সপ্তায় লোনের ৯০০ ট্যাকা বাড়িত পাঠেয়া (পাঠিয়ে) দেই বিকাশ করি। ২০ ট্যাকার পেরাস্যুট ত্যালের দাম নাগে ২৫ ট্যাকা। আলু, পোটলসহ আনাজের দামও বেশি হচে। এত কসটো করি কামাই করি বাড়িত পাঁচটা লোকের সংসার চলবার পাবার নাগচি না। ইশকায়ালাদের ওপর খুব ওত্যাচার চলবার নাইগচে, হামারঘরেক ভিপি (আমাদের ভিআইপি) রোডোত যাবার দ্যায় না। সরকার অটো-ইশকাআলাদেক পারলে উঠি দেক। এদের জইন্যে খেপ কম হবার নাগচে। দুইটা বেশি ট্যাকার জইন্যে হামরা ঢাকাত পড়ি আছি৷ তা-ও যদি না হয়, কী করি হামরা খামো? হামারঘরের এলাকাত কলকারখানা থাইকলে আর ঢাকা আসা লাগিল না হয়। দ্যাশের অবস্তা ভালো মনে হবার নাগচে না। হামারঘরের ইশকায়ালাদের

ট্যাকাও ছিনতাই কইরবার নাগচে আইতের বেলায়। বাজেটের মদ্দে সরকার ইডার সমাধান করলে ভালো হবি।

মুক্তাদির মো. হামিদ
মুক্তাদির মো. হামিদ


পড়াশোনা শেষে কাজ পেতে চাই
মুক্তাদির মো. হামিদ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী
সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আমাদের মতো ঢাকার বাইরে থেকে পড়তে আসা শিক্ষার্থীদের খরচ চালিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। বাসভাড়া, বাড়িভাড়া, শিক্ষা উপকরণসহ সব খাতেই খরচ দ্বিগুণ হয়েছে৷ ফলে খুব দরকার ছাড়া এখন কিছু কিনি না। সরকারি বিশ্ববিদ্যালয়ে সীমিত আসনের কারণে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উচ্চশিক্ষার সুযোগ কমে যাচ্ছে। প্রতিবছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি যেভাবে বাড়ছে, সেটা আমার পরিবারের বহন করা কঠিন হয়ে পড়ছে। সরকার এসব বিষয়ে যেন দৃষ্টি দেয়। দেশে বেকার সমস্যা দিনে দিনে যেভাবে বাড়ছে, তাতে আসছে বছর পড়ালেখা শেষ হলে কী করব, চাকরি পাব কি না, সেটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আগামী দিনগুলোতে কীভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায়, বাজেটে তার একটি রোডম্যাপ থাকা প্রয়োজন। আর অবশ্যই নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম স্বল্প আয়ের মানুষজনের হাতের নাগালে যেন থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তরুণ শিক্ষার্থীদের মধ্যে যঁারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চান তঁাদের উৎসাহ দিতে বাজেটে কিছু নির্দেশনা থাকা দরকার৷


রৌশনী কবীর
রৌশনী কবীর

জিনিসপত্রের দাম কমার পদক্ষেপ চাই
রৌশনী কবীর
গৃহবধূ, শ্যামলী
পরিস্থিতি খুব একটা ভলো মনে হচ্ছে না। বাজারে জিনিসপত্রের দাম এত বেশি যে আমাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। আদা-রসুনের দাম খুব বেশি। সামনে রোজা, তাই আগেভাগেই পেঁয়াজ কিনে রেখে দিয়েছি। বাড়িভাড়া যে হারে বাড়ছে, সেটা সরকারের দেখা উচিত। বাড়িভাড়া নিয়ন্ত্রণে শক্ত আইন করা দরকার৷ এ ছাড়া আমাদের এলাকায় গ্যাসের সমস্যা খুব বেশি, দিনের বেশির ভাগ সময়েই গ্যাস থাকে না। অনেক কষ্ট করে রান্নাবান্না করতে হয়।
আমাদের প্রতিদিনের দরকার লাগে এমন জিনিসপত্রের দাম আরও কমানো উচিত। সিগারেটের দাম যেন কোনোভাবেই না কমে। আমরা যেন সাধ্যের মধ্যে ফ্রিজ, ওভেনের মতো দরকারি পণ্যগুলো কিনতে পারি। ফরমালিনমুক্ত খাবার খেতে চাই, একই সঙ্গে ভেজাল খাদ্যপণ্য যারা বিক্রি করে তাদের শাস্তি চাই। বাইরে গেলে যানজটে অনেক সময় নষ্ট হয়, যানজট কমানোর উদ্যোগ চাই। সামনে রোজার মাসে আরও কত কিছুর দাম যে বাড়বে, আবার ঈদের সময় সংসারের বাড়তি খরচ, কীভাবে এগুলো সামলাব, সেটা নিয়ে চিন্তায় আছি। বাজেটে এসব বিষয়ের সমাধান চাই।

রুখসানা আক্তার
রুখসানা আক্তার

আমরা যেন বাদ না পিড়
রুখসানা আক্তার
পোশাকশ্রমিক, মিরপুর-১
জিনিসপত্রের দাম বেড়ে গেছে। টিনশেডের এক রুম চার হাজার টাকার কমে ভাড়া পাওয়া যায় না। মজুরি বেড়েছে, কিন্তু এখন ওভারটাইম দিচ্ছেন না মালিকেরা। তাই ছয়-সাত হাজার টাকা আয় করে জীবন চালানো খুব কঠিন। সে জন্য পোশাকশ্রমিকদের রেশন দেওয়া দরকার৷ বাজেটে এটা থাকতে হবে৷ একই সঙ্গে ওভারটাইম করার বিষয়ে নির্দেশনা দরকার, যাতে আমাদের আয় বাড়ে৷ তা ছাড়া মিরপুরের অনেক সরকারি জমি প্রভাবশালী ব্যক্তিরা ভোগদখল করছেন৷ সেখানে পোশাকশ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে পারে সরকার। এ জন্য বাজেটে কিছু দিকনির্দেশনা দিলে ভালো। তা ছাড়া শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেটে বরাদ্দ চাই। কারণ সব পোশাকশ্রমিকই কমবেশি স্বাস্থ্য সমস্যায় ভোগেন৷ মোট কথা, পোশাকশ্রমিকদের শ্রমে-ঘামেই দেশের অর্থনীতি একটা পর্যায়ে এসেছে। তাই জাতীয় বাজেট যেন আমাদের বাদ দিয়ে করা না হয়। বাজেট হওয়া চাই শ্রমিকবান্ধব।
অনুলিখন: আবুল হাসনাত, শুভংকর কর্মকার ও আশরাফুল ইসলাম