ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) গতকাল বুধবার সাধারণ সূচক বেশ কমে গেলেও আজ বৃহস্পতিবার কিছুটা বেড়েছে। তবে আর্থিক লেনদেন সামান্য কমেছে। আজ সাধারণ মূল্যসূচক ৩.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৬৫৩.২৯ পয়েন্টে।আজ মোট এক হাজার ২৪৮ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ৪৩৭ কোটি টাকা কম। আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৯টি প্রতিষ্ঠানের, কমেছে ১০৪টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এদিকে শেয়ারের দাম অস্বাভাবাবিক বেড়ে যাওয়ায় ঢাকা ফিশারিজ লিমিটেডের শেয়ারের লেনদেন দুই ঘণ্টা স্থগিত করে ডিএসই। আজ সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়। পরে ১২টা ২৫ মিনিটে স্থগিতাদেশ তুলে নেওয়া হলে আবারও লেনদেন শুরু হয়।একই কারণে ঢাকা ডাইং ও বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার লেনদেন আজ ১৫ মিনিটের জন্য বন্ধ রাখে ডিএসই। একই সঙ্গে ডিএসই বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেনে সতর্ক হতে বলেছে ডিএসই।আজ লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো টেক্সটাইল, বেক্সিমকো, নাভানা সিএনজি, কেয়া কসমেটিকস ও বিএসআরএম স্টিল।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো শ্যামপুর সুগার, বেক্সিমকো সিনথেটিক, কে অ্যান্ড কুই, মেঘনা কনডেনসড মিল্ক ও সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো ইস্টার্ন ব্যাংক, উত্তরা ফিন্যান্স, ফেডারেল ইনস্যুরেন্স, ঢাকা ফিসারিজ ও মডার্ন ডাইং।