জাতীয় খাদ্যনিরাপত্তা মজুদ গড়ে তোলার লক্ষ্যে ২৬৪ কোটি টাকার বহুতলবিশিষ্ট খাদ্যগুদাম নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বগুড়ার সান্তাহারের শস্য সাইলো চত্বরে এই গুদাম নির্মাণ করা হবে। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। প্রকল্পটি বাস্তবায়নে জাপান সরকারের কাছ থেকে ২০২ কোটি টাকা অনুদান হিসেবে পাওয়া যাবে। এ বিষয়ে ইতিমধ্যে জাপানের সঙ্গে একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। একনেকের গতকালের সভায় ইউনিয়ন পরিষদসমূহে জবাবদিহি ও স্বচ্ছতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রকল্পও অনুমোদন করা হয়। ১৫৯ কোটি টাকার এই প্রকল্প কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, খুলনা, বরগুনা ও রংপুর জেলার ৪০০টি ইউনিয়নে বাস্তবায়িত হবে। প্রকল্পটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সম্পদ সৃজন, ইউনিয়ন পরিষদে নারীদের সম্পৃক্তকরণ ও উন্নত নাগরিক সেবা প্রদান নিশ্চিত হবে। একনেকে এটিসহ এক হাজার ১৮ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৪৮৩ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং ৫৩৫ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। সভায় অনুমোদিত অন্য তিনটি প্রকল্প হলো: ৩১৯ কোটি টাকার খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প; ৫০ কোটি টাকার প্রাণী রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রকল্প; এবং ২২৫ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিনকী আস্তানা-চট্টগ্রাম সেকশনের ১১টি স্টেশনে বিদ্যমান সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার প্রতিস্থাপন ও আধুনিকীকরণ প্রকল্প। একনেক সভা শেষে প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম। এ ছাড়া একনেকে আগারগাঁওয়ে ২৫০ শয্যাবিশিস্ট জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের ওপর চলমান পরিদর্শন প্রতিবেদন উপস্থাপন করে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। প্রকল্প বাস্তবায়নে ত্রুটি থাকায় একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে দায়দায়িত্ব নিরূপণ করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। একনেক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।