সাপ্তাহিক লেনদেন কমেছে

সপ্তাহজুড়ে বেশির ভাগ শেয়ারের দর বাড়ার পরও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে গেছে। গত সপ্তাহ শেষে ডিএসইর মোট লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৪ শতাংশ বা ২৫০ কোটি টাকা কমেছে। আর দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৩১ শতাংশ বা ১৩৭ কোটি টাকা কমেছে। যদিও সপ্তাহ শেষে সূচক ও লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহে প্রায় ১১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮৭৮ পয়েন্টে। সাধারণ সূচক ১২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১০১ পয়েন্টে।
এদিকে শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ-সুবিধা কার্যকর করতে ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠনের খবর এসেছে গত সপ্তাহে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তহবিলে অর্থ সংস্থানের একটি উপায় খুঁজে বের করা হয়। তারই ভিত্তিতে এই তহবিল গঠনের বিষয়ে সরকার পরবর্তী সময়ে উদ্যোগ নেবে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুনঃ অর্থায়ন তহবিল গঠনের খবরে বাজারে কিছুটা গতি সঞ্চার হয়েছে। এ ধরনের উদ্যোগ বাজারের জন্য খুবই ইতিবাচক। তাঁদের মতে, তহবিলটি গঠন করা হলে এবং সুদ মওকুফ-সুবিধা কার্যকর করা হলে কিছু নিষ্ক্রিয় হিসাব আবার সক্রিয় হবে।
তহবিল গঠনের উদ্যোগের পাশাপাশি বিনিয়োগকারীদের মধ্যে এখন বাজেটকে ঘিরে একধরনের ইতিবাচক প্রত্যাশাও জন্ম নিয়েছে। চলতি সপ্তাহে বাজেট ঘোষণা করা হবে। বিনিয়োগকারীদের প্রত্যাশা, ঘোষিত বাজেটে শেয়ারবাজারের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা থাকবে। প্রত্যাশা ও বাস্তবের মিল খুঁজে পেতে হলে চলতি সপ্তাহের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, ওই দিন সংসদে বাজেট ঘোষিত হওয়ার কথা রয়েছে।
গত সপ্তাহে ঢাকার বাজারে ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত ছিল ১০টির শেয়ারের দাম।