সাফটাকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ইউনিয়নে রূপান্তরের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় আন্তবাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এ দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সাফটা বাস্তবায়ন হলে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তবাণিজ্য আরও বাড়বে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে।সার্ক চেম্বারের আয়োজনে ব্যবসায়ী সম্মেলনে গতকাল বৃহস্পতিবার তৃতীয় ও শেষ দিনের ‘দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক কর্ম-অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। তাঁরা সাফটাকে দক্ষিণ এশিয়া অর্থনৈতিক ইউনিয়নে রূপান্তরিত করার পরামর্শ দেন।বক্তারা বাণিজ্য সম্প্রসারণে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উদারনীতি প্রণয়ন, অশুল্ক বাধা দূর, স্পর্শকাতর পণ্যের তালিকা ছোট করার পরামর্শ দেন। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ (কানেকটিভিটি) বাড়াতে ভিসা ও কাস্টমস-প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।কাঠমান্ডুর সোয়ালটি হোটেলে অনুষ্ঠিত এই কর্ম-অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান।এই অধিবেশনে বক্তব্য দেন নেপালের বাণিজ্য ও সরবরাহ-বিষয়ক সচিব পুরুষোত্তম ওঁঝা, শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের (আইপিএস) নির্বাহী পরিচালক সমন কেলেগামা, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ আমের জে দুররানি, পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের গবেষণা ও বিশ্লেষণ দপ্তরের প্রধান মুজিব খান, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) বেসরকারি খাতের বিশেষজ্ঞ পারমিতা দাশগুপ্ত, ভারতের আলীগড় বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক বদর আলম ইকবাল, সার্ক চেম্বারের জেনারেল এসেম্বলির সদস্য (নেপালের পক্ষে) ওম রাজবান্দারি প্রমুখ।রেহমান সোবহান বলেন, এই অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভারতকে মূল ভূমিকা পালন করতে হবে। কেননা, ভারতের অর্থনীতি বেশ বড়। রেহমান সোবহান বলেন, বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে চায় নেপাল ও ভুটান। কিন্তু প্রশ্ন হলো, এই দুটি বন্দরের পর্যাপ্ত অবকাঠামোসুবিধা রয়েছে কি না? তিনি সার্ক অঞ্চলের ভৌত ও বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।অধিবেশন শেষে বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেহমান সোবহান বলেন, সাফটাসহ যেকোনো উদ্যোগ বাস্তবায়নে সরকারি কার্যক্রমে ধীরগতি থাকে। সরকারি পর্যায়ের কার্যক্রমে গতি আনতে হবে।অধিবেশনে পুরুষোত্তম ওঁঝা বলেন, বাণিজ্য সম্প্রসারণে সময় মতো সাফটা কার্যকর করতে হবে। এখনো স্পর্শকাতর পণ্যের তালিকা অনেক বড়। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ভৌত সংযোগ ব্যবস্থার (ফিজিক্যাল কানেকটিভিটি) পাশাপাশি মনস্তাত্ত্বিক যোগাযোগও (মেন্টাল কানেকটিভিটি) প্রয়োজন।সমন কেলেগামা বলেন, দক্ষিণ এশিয়া এখন বিশ্বের দ্বিতীয় বর্ধনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির অঞ্চল। তবে দেশগুলোর আন্তবাণিজ্য খুবই কম। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তবাণিজ্য ৫২ শতাংশ, লাতিন আমেরিকায় ১৭ শতাংশ। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় মাত্র ৫ থেকে ৬ শতাংশ। আমের জে দুররানি বলেন, কানেকটিভিটির সঙ্গে ভিসা প্রক্রিয়াকরণ, কাস্টমস কার্যক্রম সহজ করতে হবে।মুজিব খান বলেন, ‘সাফটার সাফল্যের জন্য আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। এ জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা।’ সাফটাকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ইউনিয়নে রূপান্তরিত করার পরামর্শ দেন তিনি।পারমিতা দাশগুপ্ত আন্তবাণিজ্য বাড়াতে অবকাঠামো উন্নয়ন ও নীতি-সহায়তা দেওয়ার পরামর্শ দেন। বদর আলম ইকবাল বলেন, সাফটাকে অর্থনৈতিক ইউনিয়নে রূপান্তরে দুটি জিনিস দরকার—প্রবল ইচ্ছাশক্তি ও সাফল্যের জন্য প্রতিজ্ঞা। ওম রাজবান্দারি নেপালের নগরায়ণ খাতে বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন।এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ীদের সম্মেলনের শেষ দিনে গতকাল সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব তৈরি এবং পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও গণমাধ্যমের ভূমিকা—শীর্ষক দুটি কর্ম-অধিবেশন হয়েছে। এসব অধিবেশনে সার্কভুক্ত দেশগুলোর রাজনীতিবিদ, ব্যবসায়ী, খ্যাতনামা ব্যক্তিত্ব (সেলিব্রিটি), গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন। গত মঙ্গলবার এই সম্মেলন শুরু হয়। এতে বিভিন্ন দেশের ছয় শতাধিক প্রতিনিধি অংশ নেন।