সাফটার স্পর্শকাতর পণ্যতালিকা হ্রাস নিয়ে বৈঠক ১০ ফেব্রুয়ারি
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় সদস্যদেশগুলোর নেতিবাচক বা স্পর্শকাতর পণ্যের তালিকা কমানোর বিষয়ে আলোচনার জন্য বৈঠক বসছে নেপালে।নেপালের রাজধানী কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সচিবালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশসহ সার্কের অন্য সাতটি সদস্যদেশের প্রতিনিধিরা অংশ নেবেন। আগামী ১০ ফেব্রুয়ারি স্পর্শকাতর তালিকাসংক্রান্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে।সাফটার আওতায় সার্কের সদস্যদেশগুলোর প্রতিটিই অনেক পণ্য স্পর্শকাতর তালিকায় রেখেছে। যার মানে হলো এসব পণ্য ওই দেশে রপ্তানির ক্ষেত্রে অন্য দেশগুলো কোনো শুল্কছাড় বা বাজারসুবিধা পাবে না।বিশেষজ্ঞরা অবশ্য এই দীর্ঘ স্পর্শকাতর পণ্যতালিকাকে সাফটার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের পথে অন্যতম বড় বাধা হিসেবে প্রথম থেকেই উল্লেখ করে আসছেন। পরিসংখ্যান থেকে দেখা যায়, ভুটান ছাড়া বাকি সদস্যদেশগুলো যে পরিমাণ পণ্য স্পর্শকাতর তালিকায় রেখেছে, তা গড়ে দেশগুলোর মোট আমদানিযোগ্য পণ্যের ১৩ শতাংশ থেকে ২৬ শতাংশ পর্যন্ত বিস্তৃত।তালিকা থেকে দেখা যায়, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান প্রতিটি দেশই স্পর্শকাতর পণ্যতালিকায় এক হাজারের বেশি পণ্য রেখেছে। এর মধ্যে পাকিস্তান স্বল্পোন্নত দেশ (এলডিসি) এবং এলডিসি নয় এমন দেশ সবার জন্যই অভিন্ন এক হাজার ১৬৯টি পণ্য রেখেছে। বাংলাদেশ এলডিসির জন্য এক হাজার ২৩৩ এবং এলডিসি নয় এমন দেশগুলোর জন্য এক হাজার ২৪১টি পণ্য স্পর্শকাতর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।নেপালের স্পর্শকাতর তালিকায় রয়েছে এক হাজার ২৯৫টি, যেখানে এলডিসির জন্য পণ্যের সংখ্যা এক হাজার ২৫৭। ভারত অবশ্য এলডিসির জন্য স্পর্শকাতর তালিকায় অনেক কম পণ্য রেখেছে, যার সংখ্যা ৪৮০। সদস্যদেশগুলোর মধ্যে স্পর্শকাতর তালিকায় সবচেয়ে কম পণ্য আছে ভুটানের, যার সংখ্যা ১৫০টি। এদিকে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিবছর বৃদ্ধি পেলেও তা খুব উল্লেখযোগ্য হারে বাড়ছে না। তা ছাড়া বাংলাদেশ সার্ক দেশগুলোয় যা রপ্তানি করে থাকে, তার চেয়ে অনেক বেশি আমদানি করে থাকে।প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, ২০০৬-০৭ অর্থবছরে সার্ক দেশগুলোতে বাংলাদেশের মোট রপ্তানি ছিল ৩৬ কোটি ৮৫ লাখ ডলার, যেখানে ২০০৮-০৯ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৩৮ কোটি ৪০ লাখ কোটি ডলার।অন্যদিকে ২০০৬-০৭ অর্থবছরে সার্ক দেশগুলো থেকে বাংলাদেশের মোট আমদানির পরিমাণ ছিল ২৪৫ কোটি ৮৩ লাখ ডলার, যেখানে ২০০৮-০৯ অর্থবছরে আমদানির পরিমাণ ছিল ৩২৫ কোটি ২৬ লাখ ডলার।উল্লেখ্য, ২০০৬ সালের ১ জুলাই থেকে সাফটা বাস্তবায়ন শুরু হয়েছে।অন্যান্য বৈঠক: বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সার্কের বিশেষজ্ঞ দলের আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে। সার্কের সদস্যদেশগুলোর মধ্যে রেলপথ ব্যবহার, বাণিজ্য ও সেবা বিষয়ে চুক্তি, শুল্ক সহযোগিতা এবং ই-গভর্ন্যান্স নিয়ে ফেব্রুয়ারিজুড়ে আরও ছয়টি বৈঠক অনুষ্ঠিত হবে।জানা গেছে, ১ ও ২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী মোটরযান চলাচল ও রেলপথ ব্যবহারে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো; ৪ ও ৫ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ষষ্ঠ সার্ক স্ট্যান্ডার্ড কো-অর্ডিনেশন বোর্ডের বৈঠক; ৮ ও ৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী পঞ্চম সেবা বাণিজ্যবিষয়ক বিশেষজ্ঞ দলের বৈঠক এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সপ্তম শুল্ক সহযোগিতা উপকমিটির বৈঠক। পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে জাতীয় হিসাব পরিসংখ্যানের ওপর ৮ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এক প্রশিক্ষণ কর্মসূচি। এ ছাড়া ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ই-গভর্ন্যান্সের ওপর কর্মশালাটি হবে নয়াদিল্লিতে।