সাফটায় স্পর্শকাতর পণ্য ২০ ভাগ কমাতে সম্মত দেশগুলো
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চলভুক্ত (সাফটা) দেশগুলোর স্পর্শকাতর পণ্য তালিকা ছোট হওয়ার নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। সদস্য দেশগুলো একমত হয়েছে যে, তারা প্রত্যেকে স্পর্শকাতর পণ্য কমপক্ষে ২০ শতাংশ করে কমিয়ে আনবে। কমিয়ে যা করা হবে, তার একটি তালিকা আগামী ১ নভেম্বরের মধ্যে সার্ক সচিবালয়ে পাঠাতে হবে। আর, এই তালিকা কার্যকর করা হবে ২০১২ সালের ১ জানুয়ারি থেকে। সার্ক সচিবালয় নেপালের কাঠমান্ডুতে গত ২০-২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাফটা স্পর্শকাতর পণ্য তালিকা হ্রাসবিষয়ক ওয়ার্কিং গ্রুপের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বাংলাদেশ থেকে দুই সদস্যের এক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মোস্তফা আবিদ খান।সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য ২০০৪ সালের ৬ জানুয়ারি স্বাক্ষরিত হয় সাফটা চুক্তি। তবে এর আওতায় শুল্ক হ্রাসের বাস্তবায়ন-প্রক্রিয়া শুরু হয় ২০০৬ সালের ১ জুলাই থেকে, যা বেশিদূর আগাতে পারেনি। সাফটার সদস্য দেশগুলো শুল্ক আয় ও স্থানীয় শিল্প রক্ষায় স্পর্শকাতর পণ্য তালিকা সংরক্ষণ করে। স্পর্শকাতর তালিকায় বাংলাদেশ এলডিসিবহির্ভূত দেশগুলোর জন্য এক হাজার ২৪১টি ও এলডিসিদের জন্য এক হাজার ২৩৩টি পণ্য রেখেছে। ভারত রেখেছে এলডিসিবহির্ভূত দেশগুলোর জন্য ৮৬৮টি ও এলডিসিদের জন্য ৪৮০টি। নেপাল এলডিসিবহির্ভূত দেশগুলোর জন্য এক হাজার ২৯৫টি ও এলডিসিদের জন্য এক হাজার ২৫৭টি পণ্য স্পর্শকাতর পণ্য তালিকায় রেখেছে। এ ছাড়া পাকিস্তান এক হাজার ১৬৯টি, শ্রীলঙ্কা এক হাজার ৪২টি, মালদ্বীপ ৬৮১টি, আফগানিস্তান এক হাজার ৭২টি এবং ভুটান ১৫০টি পণ্য স্পর্শকাতর তালিকায় রেখেছে। জানা গেছে, স্পর্শকাতর পণ্য তালিকা থেকে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য ২৪৬টি এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য ২৪৮টি পণ্য কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ভারত তার স্পর্শকাতর পণ্য তালিকার ১০ শতাংশ অর্থাৎ ৪৬টি পণ্যে শুল্ক হার ইতিমধ্যেই শূন্যতে নামিয়ে এনেছে। আর, বাকি ১০ শতাংশ পণ্যের ঘোষণা দেবে আগামী ১ নভেম্বরের মধ্যে।নেপাল স্পর্শকাতর পণ্য তালিকার ২০ শতাংশ অর্থাৎ ২৫৯টি পণ্য কমাবে। এর মধ্যে বাংলাদেশের অনুরোধ তালিকার পণ্য সংখ্যা ১৮টি।শ্রীলঙ্কা এলডিসির জন্য স্পর্শকাতর পণ্য তালিকার ২০ শতাংশ অর্থাৎ ১৯৭টি পণ্য কমাচ্ছে। এর মধ্যে বাংলাদেশের অনুরোধ তালিকার পণ্য সংখ্যা হচ্ছে ৩৬টি। মালদ্বীপ স্পর্শকাতর পণ্য তালিকার ৭০ শতাংশ অর্থাৎ ৪০৪টি পণ্য কমাবে। এতে বাংলাদেশের অনুরোধ তালিকার পণ্য রয়েছে মাত্র চারটি। প্রথমে কোনো পণ্যে শুল্ক হ্রাসে পাকিস্তান প্রস্তাব না দিলেও পরে সব সদস্যের অনুরোধে আগামী ১ নভেম্বরের মধ্যে পাকিস্তান তার স্পর্শকাতর পণ্য তালিকার ৪০ শতাংশেরও বেশি পণ্যে শুল্ক হ্রাসের ঘোষণা দেবে বলে জানায়।ভারত, পাকিস্তান ও নেপালের স্পর্শকাতর পণ্য তালিকায় রয়েছে ওভেন পোশাক, নিট পোশাক, চা ও হিমায়িত খাদ্য। বাংলাদেশের রপ্তানি আয়ের বেশির ভাগই এসব পণ্য থেকে আসে। সূত্র জানায়, উৎসবিধি (রুলস অব অরিজিন) নির্ধারণের ক্ষেত্রে সাফটার অধীনে এলডিসিবহির্ভূত দেশগুলোর জন্য ৪০ শতাংশ এবং এলডিসিভুক্ত দেশগুলোর জন্য ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন (ভ্যালু এডিশন) ধার্য করা হয়েছে। তা ছাড়া আঞ্চলিক মূল্যসংযোজনের ক্ষেত্রে ধার্য করা হয়েছে ৫০ শতাংশ, যার মধ্যে রপ্তানিকারক দেশের জন্য ২০ শতাংশ স্থানীয় মূল্যসংযোজন থাকতে হবে। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সেলিম রায়হান সাম্প্রতিক ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্তকে ‘বড় ধরনের অগ্রগতি’ বলে মত দেন। তিনি বলেন, ‘সাফটার একটা বড় অসুবিধা ছিল যে, এটি বাস্তবায়নের কোনো সময়সীমা ছিল না। এখন স্পর্শকাতর পণ্যে শুল্ক হ্রাসের সময়সীমা পাওয়া গেল।’ আবার কিছু ক্ষেত্রে স্পর্শকাতর তালিকায় থাকার দরকার রয়েছে বলেও মনে করেন সেলিম রায়হান। আর মোস্তফা আবিদ খান প্রথম আলোকে জানান, এবার সত্যিকার অর্থেই সাফটা কার্যকরের কিছু অগ্রগতি হয়েছে। প্রায় ১৭০ কোটি জনগোষ্ঠীর সদস্য আট দেশ সাফটা বাস্তবায়নের মাধ্যমে উপকৃত হবে বলে তিনি আশাবাদী।