গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে মোট ৫৪০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। তাতে প্রবৃদ্ধি হয় ১১ দশমিক ৭৪ শতাংশ। চলতি ২০১৬ সালেও সাফল্য অব্যাহত রয়েছে। বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১১ দশমিক ৩১ শতাংশ। এটি যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি।
দেশ থেকে গত জানুয়ারিতে বাজারটিতে ৪৯ কোটি ৭৬ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এই অর্থ দেশীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ৯৮০ কোটি টাকার সমান। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে দীর্ঘদিন ধরে বাংলাদেশের দখলে থাকা তৃতীয় স্থানটি অক্ষুণ্ন আছে। দেশটিতে ২০১৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ রপ্তানি করেছিল ৪৪ কোটি ৭০ লাখ ডলারের তৈরি পোশাক।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস (অটেক্সা) সম্প্রতি বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানির হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র মোট ২১৮ কোটি বর্গমিটার কাপড়ের তৈরি পোশাক ৬৬৩ কোটি ডলারের বিনিময়ে আমদানি করেছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৪৭ শতাংশ।
অটেক্সার তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে বাংলাদেশ ১৭ কোটি ৫৬ লাখ বর্গমিটার কাপড়ের তৈরি পোশাক রপ্তানি করেছে। এটি গত বছরের জানুয়ারির ১৫ কোটি ২১ লাখ বর্গমিটারের চেয়ে ১৫ দশমিক ৪৮ শতাংশ বেশি। এদিকে অর্থের হিসাবে বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হওয়া ৬ দশমিক ৯২ শতাংশ পোশাকের জোগানদাতা এখন বাংলাদেশ।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও অটেক্সার হিসাব অনুযায়ী, বাংলাদেশ গত বছর ২ হাজার ৬৬০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই রপ্তানি হয়েছে ২০ শতাংশ বা ৫৪০ কোটি ডলারের তৈরি পোশাক। এর আগের বছর ২০১৪ সালে বাংলাদেশ থেকে ৪৮৩ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। তখন প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৭৪ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। ওই বছরে সাড়ে চার শ কোটি ডলারের আয়ে প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৭৪ শতাংশ।
২০১১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছিল ৩৯ কোটি ডলারের পোশাক। পাঁচ বছরের ব্যবধানে এই জানুয়ারিতে তা বেড়েছে মাত্র ১০ কোটি ডলার।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খানও সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বছর আগের পরিসংখ্যান হিসাব করলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি খুব একটা বাড়েনি। আমরা একই বৃত্তে ঘোরাফেরা করছি। তবে রানা প্লাজা ধসের পর রপ্তানিতে যে মন্দাভাব এসেছিল সেটি অবশ্য কাটানো গেছে। তাই আপাতত এটিই আমাদের জন্য স্বস্তির বিষয়।’
মাহমুদ হাসান বলেন, ‘ক্রেতারা সব সময়ই পোশাকের দাম কম দিতে চায়। আন্তর্জাতিক ব্যবসায়ে এটাই নিয়ম। তবে আমরা পোশাক কারখানাগুলোকে কমপ্লায়েন্ট (ভালো কর্মপরিবেশ সৃষ্টি) করছি। তাই ক্রেতাদের কাছ থেকেও এখন কমপ্লায়েন্ট প্রাইস (ভালো দাম) নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘বড় এই বাজারে রপ্তানি বৃদ্ধির জন্য আমাদের প্রতিযোগিতা সক্ষমতা এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে দর-কষাকষির দক্ষতা বৃদ্ধি করতে হবে। মালিকদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করাটাও প্রয়োজন। এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি।’
এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে শীর্ষস্থানটি চীনের দখলেই আছে। জানুয়ারিতে দেশটি ২৪১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রে। প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৬৭ শতাংশ। এই বাজারে রপ্তানি হওয়া পোশাকের ৩৫ দশমিক ৮৯ শতাংশই চীনের দখলে।
দ্বিতীয় অবস্থানে আছে ভিয়েতনাম, তাদের রপ্তানির পরিমাণ ৯২ কোটি ডলার, প্রবৃদ্ধি ১৫ দশমিক ২৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারের ১২ দশমিক ৫৪ শতাংশ ভিয়েতনামের দখলে।
যুক্তরাষ্ট্রের বাজারে দীর্ঘদিন ধরেই তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। চতুর্থ স্থানে থাকা ইন্দোনেশিয়া জানুয়ারিতে রপ্তানি করে ৩৯ কোটি ৬০ লাখ ডলারের পোশাক। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত রয়েছে পঞ্চম অবস্থানে। আলোচ্য মাসে তাদের রপ্তানির পরিমাণ ছিল ৩১ কোটি ৪৮ লাখ ডলার।