সাফা পুরস্কার পেয়েছে দেশের আট প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো বার্ষিক প্রতিবেদনের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) পুরস্কার পেয়েছে বাংলাদেশের আট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পেয়েছে।
বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের প্রতিষ্ঠান সাফা পুরস্কার পেয়েছে। মোট ১৩ শ্রেণিতে সার্কভুক্ত দেশের ৪৬ প্রতিষ্ঠানকে সাফা পুরস্কার দেওয়া হয়েছে। আরও ৪১ প্রতিষ্ঠান পেয়েছে সার্টিফিকেট অব মেরিট।
বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে বাংলাদেশের প্রাইম ব্যাংক যৌথভাবে প্রথম পুরস্কার পেয়েছে। এ ছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) যৌথভাবে ফার্স্ট রানারআপ হয়েছে। আর্থিক সেবা খাতে লংকাবাংলা ফাইন্যান্স ও আইডিএলসি ফাইন্যান্স যৌথভাবে প্রথম পুরস্কার পেয়েছে। বেসরকারি সংস্থা ক্যাটাগরিতে উদ্দীপন যৌথভাবে প্রথম, ব্র্যাক প্রথম ফার্স্ট রানারআপ ও সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে সেকেন্ড রানারআপের পুরস্কার পেয়েছে। সরকারি খাতে যৌথভাবে প্রথম পুরস্কার পেয়েছে ইডকল। প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য সার্ক বার্ষিক পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স ও প্রাইম ব্যাংক। সবচেয়ে বেশি শ্রীলঙ্কার ২৭টি প্রতিষ্ঠান সাফা পুরস্কার পেয়েছে। পাকিস্তানের সাতটি ও ভারতের দুটি প্রতিষ্ঠান এবারের সাফা পুরস্কার পেয়েছে।
রাজধানীর একটি হোটেলে গত শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানের আয়োজক ছিল দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অনুষ্ঠানে সাফা প্রেসিডেন্ট এ এস এম নাইম, আইসিএবির প্রেসিডেন্ট আদিব হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। গত বছর দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব পাকিস্তান (আইসিএপি) লাহোরে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।