সাবমেরিন কেবল কোম্পানি আসবে শেয়ারবাজারে
আগামী বছরের শুরুতেই বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডকে (বিএসসিসিএল) শেয়ারবাজারে নিয়ে আসা হবে বলে জানালেন টেলিযোগাযোগসচিব ও বিএসসিসিএলের চেয়ারম্যান সুনীল কান্তি বোস।সুনীল কান্তি বোস বলেন, টেলিযোগাযোগ-সংশ্লিষ্ট পাঁচ কোম্পানির মধ্যে প্রতিষ্ঠার পর থেকেই বিএসসিসিএল যথেষ্ট লাভজনক অবস্থায় রয়েছে এবং সরকারকে সবচেয়ে বেশি লাভ এনে দিয়েছে। টেলিফোন শিল্প সংস্থাসহ অন্যান্য টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকেও শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানান তিনি।গতকাল রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মিলনায়তনে বিএসসিসিএল আয়োজিত এক আলোচনা সভায় সচিব এসব কথা জানান। ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) সম্প্রতি বিএসসিসিএলকে সর্বোচ্চ ‘ট্রিপল এ প্লাস’ মূল্যায়ন করায় এ সভার আয়োজন করা হয়। ‘গভর্নমেন্ট সাপোর্ট’ এবং ‘স্ট্যান্ড অ্যালোন বেসিস’ ক্যাটাগরিতে সিআরআইএসএল এই মূল্যায়ন করেছে।প্রধান অতিথির বক্তব্যে সচিব আরও বলেন, বিকল্প সাবমেরিন কেবেলর জন্য বাংলাদেশ আগামী জানুয়ারির মধ্যে এসইএ-এমই-ডব্লিউইউ-৫ কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হচ্ছে। এতে বর্তমান এসইএ-এমই-ডব্লিউইউ-৪ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও বাংলাদেশ তথ্যপ্রযুক্তির মহাসড়ক থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা নেই।বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন জানান, প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন সাড়ে ৮৭ কোটি টাকা। গত তিন অর্থবছরে এই পরিশোধিত মূলধনের যথাক্রমে ১০, ৩০ ও ২০ শতাংশ সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে। আর গত তিন অর্থবছরে প্রতিষ্ঠানের নিট মুনাফা ছিল যথাক্রমে সাড়ে ১১ কোটি, সাড়ে ৩৪ কোটি ও সাড়ে ৫৪ কোটি টাকা।সভায় বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ খান, বিএসসিসিএলের কোম্পানি সচিব আবদুস সালাম, সিআরআইএসএলের প্রেসিডেন্ট, নির্বাহী প্রধান কর্মকর্তা মোজাফফর আহমেদসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।