সাবরাংয়ে বাঁধ নির্মাণের কাজ পাচ্ছে চিটাগং ড্রাইডক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাবরাং ট্যুরিজম পার্কের বাঁধ নির্মাণের কাজ পাচ্ছে চিটাগাং ড্রাইডক লিমিটেড। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যের এ বাঁধ নির্মাণ করবে। চিটাগাং ড্রাইডককে কাজ দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন চেয়েছে সংস্থাটি।

সাবরাং ট্যুরিজম পার্ক কক্সবাজারের টেকনাফ উপজেলার সাগরতীরে অবস্থিত। এর আয়তন ১ হাজার ৪১ একর। দেশের পর্যটন সুবিধা তৈরি করার জন্য বেজা নাফ ট্যুরিজম পার্ক, সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্কের পাশাপাশি সাবরাং ট্যুরিজম পার্ক উন্নয়নে কাজ করছে। এ জন্য সেখানে শুরুতেই বাঁধ নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, সাবরাংয়ে খুব উন্নত মানের বাঁধ তৈরি করা হবে। এ জন্য ব্যয়ের অর্থ পুরোটা বেজার নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে। তিনি বলেন, ‘আগামী মার্চ-এপ্রিল মাসে আমরা সাবরাংয়ে ভেতরের রাস্তাঘাট নির্মাণ শুরু করব। ডিসেম্বরের মধ্যে অন্তত একটি রেস্টহাউস নির্মাণের কাজ শেষ করা হবে।’

চিটাগাং ড্রাইডক আগে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন একটি প্রতিষ্ঠান ছিল। এটি এখন বাংলাদেশ নৌবাহিনী পরিচালনা করছে। বেজার চেয়ারম্যান পবন চৌধুরী জানিয়েছেন, শুধু বাঁধ নির্মাণ নয়, সাবরাং ট্যুরিজম পার্কের মাটি ভরাটের কাজও চিটাগাং ড্রাইডককে দেওয়ার চিন্তা চলছে। এ জন্য তাদের প্রাক্কলিত ব্যয়ের হিসাব দিতে বলা হয়েছে।

সাবরাংয়ে পর্যটকদের জন্য পাঁচতারা হোটেল, মেরিন অ্যাকুরিয়াম, সি-ক্রুজ, বিদেশিদের জন্য সংরক্ষিত এলাকা, সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের ব্যবস্থা, ভাসমান জেটি, শিশুপার্ক, ইকো-কটেজ, পানির নিচে রেস্তোরাঁ, ভাসমান রেস্তোরাঁসহ বিভিন্ন সুবিধা থাকবে। বেজার কাছ থেকে জমি ইজারা নিয়ে এসব অবকাঠামো নির্মাণ করবে বেসরকারি বিনিয়োগকারীরা। বেজা তাদের জমি উন্নয়ন করে দেবে এবং রাস্তাঘাট ও অন্যান্য সুবিধা নিশ্চিত করবে।

২০৩০ সাল নাগাদ সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য ঠিক করেছে। এসবের মধ্যে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল হবে পর্যটন সুবিধা বাড়াতে।