সাবসিডিয়ারিসহ ব্যাংকের বিনিয়োগ সীমা নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। সাবসিডিয়ারিসহ কোনো ব্যাংক তাদের পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম স্থিতি, বিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংস মিলে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে।
তবে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সর্বশেষ সংশোধনী অনুসারে ব্যাংকের নিজস্ব বিনিয়োগ হবে ২৫ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা বিবেচনা করে সাবসিডিয়ারিসহ শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে নতুন এই নির্দেশনা দিয়েছে। ২০১৬ সালের ২১ জুলাইয়ের মধ্যে এ আলোকে মোট বিনিয়োগের পরিমাণ সমন্বয় করতে হবে। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি প্রকল্প রয়েছে যার আওতায় শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ কমিয়ে আনতে হচ্ছে। ধারণা করা হচ্ছে, নতুন হিসাব পদ্ধতিতে ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ কিছুটা কমে আসবে।
নির্দেশনায় বলা হয়েছে, বিনিয়োগ হিসাবের ক্ষেত্রে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের ধারণ করা সব ধরনের শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট ও অন্যান্য পুঁজিবাজার নির্দেশনাপত্রের বাজারমূল্যের ওপর করা হবে।