সাবসিডিয়ারিসহ শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা নির্ধারণ
শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। সাবসিডিয়ারিসহ কোনো ব্যাংক তাদের পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম স্থিতি, বিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংস মিলে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে।
তবে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সর্বশেষ সংশোধনী অনুসারে ব্যাংকের নিজস্ব বিনিয়োগ হবে ২৫ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা বিবেচনা করে সাবসিডিয়ারিসহ শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে নতুন এই নির্দেশনা দিয়েছে। ২০১৬ সালের ২১ জুলাইয়ের মধ্যে এ আলোকে মোট বিনিয়োগের পরিমাণ সমন্বয় করতে হবে। আজ মঙ্গলবার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনাটি পাঠানো হয়েছে।
আইন সংশোধনের আগে ব্যাংকগুলো তাদের মোট দায়ের ১০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারত। কিন্তু, ২০০৯-১০ সালে উচ্চ বাজার পরিস্থিতিতে বেশকিছু ব্যাংক আইনি সীমার চেয়ে অনেক বেশি বিনিয়োগ রেখে দেয়। এতে কয়েকটি ব্যাংক ক্ষতিগ্রস্তও হয়, যা এখনো কোনো কোনো ব্যাংককে টানতে হচ্ছে। ২০১৩ সালে আইন সংশোধন করা হয়। বিনিয়োগ নির্ধারিত হয় মূলধনের ভিত্তিতে।
পুঁজিবাজার উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় সাবসিসিডয়ারি মিলে ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগকে সমন্বিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, নতুন হিসাবপদ্ধতিতে ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ কিছুটা কমে আসবে। ফলে আমানতের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকির মধ্যে কম যাবে।
নির্দেশনাতে বলা হয়েছে, বিনিয়োগ হিসাবের ক্ষেত্রে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের ধারণ করা সব ধরনের শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট ও অন্যান্য পুঁজিবাজার নিদর্শনাপত্রের বাজারমূল্যের ওপর করা হবে। সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের গ্রাহককে দেওয়া মার্জিন ঋণের স্থিতি ও ভবিষ্যত্ মূলধন প্রবাহ বা শেয়ার ইস্যুর বিপরীতে বিভিন্ন কোম্পানিকে দেওয়া ব্রিজ ঋণ এর অন্তর্ভুক্ত হবে। তবে এসব প্রতিষ্ঠানের মূলধনের বিপরীতে ধারণ করা ইক্যুইটি অন্তর্ভুক্ত হবে না।