সাবেক গভর্নর এ কে এন আহমেদকে সংবর্ধনা দিল তিন প্রতিষ্ঠান
দেশের স্বনামধন্য ব্যাংকার ও বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর এ কে এন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) যৌথভাবে গত মঙ্গলবার রাতে তাঁকে সংবর্ধনা দেয়।অনুষ্ঠানে এ কে এন আহমেদকে বিআইবিএম, আইবিবি ও বিবিটিএর পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুর্শিদ কুলি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী, আইবিবির মহাসচিব মু. আবদুল মতিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ, বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান এ কিউ সিদ্দিকী ও সাবেক ব্যাংকার রমনী মোহন দেবনাথ বক্তব্য দেন।এ ছাড়া বিবিটিএর নবনির্মিত মিলনায়তনের নামকরণ করা হয় এ কে এন আহমেদের নামে। এটির ফলক উন্মোচন করেন এ কে এন আহমেদ।সংবর্ধনা অনুষ্ঠানে এ কে এন আহমেদের জীবনী ও অবদান সম্পর্কে কৃতীপত্র পাঠ করেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী।আতিউর রহমান এ কে এন আহমেদকে দেশীয় ও বৈশ্বিক অঙ্গনের কেন্দ্রীয় ব্যাংকিং জগতের এক জীবন্ত কিংবদন্তি বলে আখ্যায়িত করেন। গভর্নর বলেন, তিনি স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন এবং স্বাধীনতার আগে ও পরে কয়েকটি বাণিজ্যিক ব্যাংকসহ কেন্দ্রীয় ব্যাংকে বিচক্ষণ নেতৃত্ব দেন।এ কে এন আহমেদ গত শতকের ৫০-এর দশকে বিশ্বব্যাংকে কাজ করেন। আর ৭০-এর দশকে আন্তর্জাতিক মুদ্রা তহিবলের (আইএমএফ) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে জাপানের একটি বিশ্ববিদ্যালয় তাঁকে ‘আলেক্সান্ডার দ্য গ্রেইট’ স্বর্ণপদকে ভূষিত করে। বিজ্ঞপ্তি।