সাবেক দুই গভর্নর সংবর্ধিত

বাংলাদেশের দুই গুণী ব্যক্তিত্ব এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ও সালেহউদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি-বিষয়ক দৈনিক বণিক বার্তা এবং গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) যৌথভাবে এ দুই গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দিয়েছে।
রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে গতকাল শনিবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে এই দুজনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে আবুল মিয়া ও বিকল্প চাকমা নামের দুজন ক্ষুদ্র উদ্যোক্তাকেও সম্মাননা জানানো হয়। বণিক বার্তা ও বিআইডিএস যৌথভাবে গত বছর থেকে ‘সংবর্ধনা ও উদ্যোক্তা সম্মাননা’ অনুষ্ঠান আয়োজন করে আসছে।
গতকালের এ আয়োজনে সংবর্ধিত ব্যক্তিদের নিয়ে স্মৃতিচারণামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ আর সমাপনী বক্তব্য দেন বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ। এ ছাড়া সংবর্ধিত ও সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।