সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরে তাগিদ দেওয়া হচ্ছে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির হোসেন আমু । ​ফাইল ছবি
আমির হোসেন আমু । ​ফাইল ছবি

ট্যানারি মালিকদের কারখানা সাভারে স্থানান্তরে দফায় দফায় তাগিদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ মঙ্গলবার জাতীয় সংসদে জাসদের রেজাউল করিম তানসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

শিল্পমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে কারখানা স্থানান্তরের অংশ হিসেবে ১৫৫টি শিল্পকারখানার মধ্যে ১৫৩টির লে-আউট প্ল্যান প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। লে-আউট অনুযায়ী ইতিমধ্যে ১৪৩টি প্রতিষ্ঠান তাদের নির্মাণকাজ শুরু করেছে। হাইকোর্টের পর্যবেক্ষণের কারণে বাকি ১২টির নির্মাণকাজ স্থগিত রয়েছে।

চলতি বছরের মধ্যে চামড়া শিল্পনগরীর সার্বিক নির্মাণকাজ শেষ করতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, গত ১৩ এপ্রিল ট্যানারি মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে নির্ধারিত সময়ে কারখানা স্থানান্তর প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মালিকদের জরুরি ভিত্তিতে কারখানা স্থানান্তরের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সরকারি দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিদ্যুতের বকেয়া বিলের পরিমাণ ৪ হাজার ৯২৬ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে ৪৮৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজার, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত খাতে ৩৮৫ কোটি ৯ লাখ ৩০ হাজার এবং বেসরকারি খাতে ৪ হাজার ৫৬ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা বাকি।

সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত অটো যানবাহন চালুর প্রথম দিকে অনিয়ন্ত্রিত চার্জিংয়ের জন্য সরকার এটি বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু ব্যাটারিচালিত অটো যানবাহনের জনপ্রিয়তার কথা বিবেচনা করে এবং তুলনামূলক পরিবেশবান্ধব হওয়ায় এসব যানের নিয়ন্ত্রিত চার্জিংয়ের ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। এ জন্য ব্যাটারিচালিত যানবাহনের জন্য কেরানীগঞ্জ ও সিলেটে দুটি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। আরও আটটি স্টেশন স্থাপনের কাজ চলছে।

মিজানুর রহমানের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৪ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ২০২১ সালের মধ্যে বিদ্যুতের সঞ্চালন লাইনের পরিমাণ ১৯ হাজার সার্কিট কিলোমিটারে উন্নীত করা হবে।

রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মে ও জুন মাসে প্রচণ্ড গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সরবরাহ সামঞ্জস্যপূর্ণ করতে লোডশেডিং করা হয়।

সেলিনা বেগমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসে বিটিভির আয় হয়েছে ৬৮ কোটি ৫৬ লাখ টাকা। আগের অর্থবছরে আয় হয়েছে ১১৭ কোটি ৬২ লাখ টাকা।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে মিডিয়াভুক্ত ৪৩৪ এবং মিডিয়াবহির্ভূত ৬৪৪টি দৈনিক পত্রিকা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫টি পত্রিকার প্রকাশক ও সম্পাদক একই ব্যক্তি।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিসিকের পক্ষ থেকে এ বছর ঢাকা ও চট্টগ্রামে জামদানি প্রদর্শনীর আয়োজন করা হবে।


প্রশ্নোত্তরের আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।