সাভারে ট্যানারি সরালে কর অবকাশের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা সাভারের চামড়াশিল্পনগরে শিল্প ইউনিট স্থানান্তর করবেন, তাঁদের জন্য ছয় বছর কর অবকাশসুবিধা চায় বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ)। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ সুপারিশ করেছে চামড়াশিল্পের মালিকদের এই সমিতি।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের চামড়াশিল্পনগরে কারখানা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা শেষ হয়েছে। ইতিমধ্যে কিছু প্রতিষ্ঠান অবশ্য সেখানে অবকাঠামো নির্মাণ শুরু করেছে। এমন অবস্থায় কর অবকাশসুবিধা চাইল বিএফএলএলএফইএ।
সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ গত শনিবার প্রথম আলোকে বলেন, ট্যানারিগুলোকে সাভারে সরিয়ে নিতে প্রায় ৯-১০ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন হবে। যখন দেশে বিনিয়োগে একধরনের মন্দা চলছে, তখন এই বিনিয়োগটি অনেক বড়।
মহিউদ্দিন আহমেদের মতে, চামড়া একটি স্বয়ংসম্পন্ন শিল্প খাত। তৈরি পোশাকের পর এটাই দেশের বড় রপ্তানি খাত হিসেবে ভবিষ্যতে আবির্ভূত হতে পারে। তিনি বলেন, ‘বিশ্ববাজারে মন্দা এবং ট্যানারি সরাতে বিপুল অঙ্কের বিনিয়োগের চাপ—এভাবে আমরা এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ ধরনের ক্রান্তিকালে সাভারে শিল্প ইউনিট সরালে কর অবকাশসুবিধা দেওয়া উচিত।’
শতভাগ রপ্তানিমুখী চামড়া খাতকে উৎসে কর বা মূল্য সংযোজন করের (মূসক) আওতামুক্ত রাখার প্রস্তাবও করেছে বিএফএলএলএফইএ। সমিতির প্রস্তাবে সাভার চামড়াশিল্পনগরীকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও প্রশাসনিক প্রতিষ্ঠান গড়ার সুপারিশ করা হয়েছে।
সমিতির প্রস্তাবে আরও বলা হয়, ক্রাস্ট ও ফিনিশড চামড়া রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা ২০১২-১৩ অর্থবছরে প্রত্যাহার করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ট্যানারি সরিয়ে নিতে বিপুল বিনিয়োগের প্রয়োজনীয়তা; কাঁচামালের মূল্য ও শ্রমিকের মজুরি বৃদ্ধি; গ্যাস-বিদ্যুতের অপ্রতুলতাসহ বিভিন্ন কারণে চামড়া প্রক্রিয়াজাত করার খরচ অনেক বেড়েছে। তাই রপ্তানিমুখী এই খাতকে বিশ্ব প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে রপ্তানিকারকদের নগদ সহায়তা দেওয়ার সুপারিশ করেছে বিএফএলএলএফইএ।